চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় ব্যবসায়ী কারাগারে
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের হওয়া একটি মামলায় আবাসন ব্যবসায়ী নূর মোহাম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৭ অক্টোবর) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার ওই মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন আবাসন ব্যবসায়ী নূর মোহাম্মদ। জামিনের মেয়াদ শেষে বুধবার তিনি আইনজীবীর মাধ্যমে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ জামিনের তীব্র বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মফিজুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নূর মোহাম্মদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। রাষ্ট্রপক্ষের বিরোধিতার পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার পাশাপাশি নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একটি আবাসন প্রকল্পে প্লট হস্তান্তরে অনিয়মের অভিযোগে নূর মোহাম্মদের বিরুদ্ধে জমির মালিকদের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া রাজনৈতিকভাবে তিনি চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।
