চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বগার তিন সহযোগী গ্রেফতার
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন ওরফে বগার তিন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে নগরীর খুলশী থানার জালালাবাদ সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ডেঙ্গাপাড়া এলাকার সৈয়দ আহমদের দুই ছেলে মো. বাবুল ওরফে বাবু ও মো. আবু তাহের ওরফে কালু এবং মেয়ে ফাতেমা আক্তার ওরফে বালি। তারা দীর্ঘদিন ধরে খুলশী থানার জালালাবাদ সি-বিচ এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া খুলশী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোহাম্মদ নাসিম হোসেন জানান, শীর্ষ সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা জালালাবাদ এলাকায় শেখ মুহাম্মদ আরিফ নামে এক ব্যক্তির কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বগার সশস্ত্র বাহিনী ভুক্তভোগীর ভাড়াটিয়া বাসায় হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সোমবার রাতে বগাকে প্রধান আসামি করে ২৩৭ জনের বিরুদ্ধে খুলশী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার পরপরই সাঁড়াশি অভিযান চালিয়ে বগার ওই তিন সহযোগীকে গ্রেফতার করে পুলিশ।
এর আগে শনিবার দিবাগত গভীর রাতে একই এলাকায় অভিযান চালিয়ে বগার আরও চার সহযোগীকে গ্রেফতার করেছিল খুলশী থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর খুলশী ও সংলগ্ন এলাকায় বগা একজন শীর্ষ সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। খুলশীর ওয়্যারলেস কলোনি এলাকায় তার নিয়ন্ত্রণে ‘সেভেন জি’সহ একাধিক কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। সম্প্রতি অভ্যন্তরীণ কোন্দলে ‘সেভেন জি’ গ্রুপের সদস্যদের ছুরিকাঘাতে ‘ফাইভ জি’ গ্রুপের হৃদয় নামে এক কিশোর নিহত হয়। ওই হত্যাকাণ্ডের নেপথ্যেও ‘বড় ভাই’ হিসেবে বগার নাম সামনে আসে। বগার বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ১৭টি মামলা বিচারাধীন থাকলেও এখনো তাকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।
