প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল
Advertisement
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পিএম
মো. আজাদ
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের কমলনগরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র হাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
অপহরণের পুরো দৃশ্য বাজারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
অপহৃত মো. আজাদ উপজেলার চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী সওদাগর বাড়ির আবদুল হক মাস্টারের ছেলে। তিনি হাজিরহাট দক্ষিণ বাজারে দীর্ঘদিন ধরে কনফেকশনারির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
স্থানীয় সূত্র ও অপহৃতের পরিবার জানায়, সকাল ৮টার দিকে দোকানের মালিকানা দাবি করা স্থানীয় মনিরের নেতৃত্বে ৩-৪ জন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাজারের দক্ষিণ মাথায় ওতপেতে থাকে। পরে আজাদ বাড়ি থেকে এসে দোকানের সামনে পৌঁছামাত্র তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে নিয়ে দ্রুত সটকে পড়ে তারা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক আজাদকে জোর করে সিএনজির মেঝেতে চেপে ধরে এলাকা ত্যাগ করছে।
ঘটনার পরপরই অটোরিকশার পেছনে লেখা নম্বরে যোগাযোগ করা হলে গাড়ির প্রকৃত মালিক গিয়াস উদ্দিন জানান, চুঙ্গার গোড়া এলাকার সায়েদুল হকের ছেলে ফারুক নামে এক চালক গত দুই বছর ধরে গাড়িটি ভাড়ায় চালাচ্ছেন। তবে অপহরণের ঘটনার পর থেকেই চালক ফারুকের মোবাইল ফোন বন্ধ রয়েছে।
অপহৃত আজাদের চাচা মো. আনোয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, দোকানের মালিকানা নিয়ে মনিরের কোনো বিরোধ থাকলে তা থাকতে পারে মূল মালিকের সঙ্গে। আমার ভাতিজা সেখানে শুধুই একজন নিরীহ ভাড়াটিয়া ব্যবসায়ী। সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে প্রকাশ্যে দোকান থেকে তুলে নেওয়া হয়েছে। আমরা অবিলম্বে আজাদকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারের জোর দাবি জানাচ্ছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার এসআই মো. ফারুক জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অপহৃতকে উদ্ধারে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। সিএনজি মালিক, চালক ফারুক ও মূল অভিযুক্ত মনিরের বাড়িতে ইতোমধ্যে তল্লাশি চালানো হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।
