কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ২
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ দুই ভাইকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন তানজির ও তার ছোট ভাই তৌহিদ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নগরীর নুরপুর এলাকা থেকে মূল ঘাতক তৌহিদকে গ্রেফতার করা হয়। পরবর্তীকালে র্যাব (এসআরবি) কর্তৃক তার বড় ভাই তানজিরকেও গ্রেফতার করা হয়। এদিন সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।
পুলিশ সুপার জানায়, কোতোয়ালী মডেল থানাধীন ছত্রখিল এলাকার উপজেলা মডেল মসজিদের বিপরীতে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন একটি জমি নিয়ে ছত্রখিল এলাকার তানজির-তৌহিদ দুই ভাইয়ের সঙ্গে নগরীর কাপ্তানবাজারের যুবদল নেতা আবু কাউছার ও তার বন্ধু শামীমের বিরোধ চলছিল।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ওই জমিতে তৌহিদ ও তানজির গং কফি শপ তৈরির কাজ শুরু করে। কাউছার ও শামীম সেখানে পৌঁছানো মাত্রই পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয়। তৌহিদ ধারালো অস্ত্র দিয়ে কাউছারকে গুরুতর জখম করে এবং অন্যান্য সহযোগীরা তাকে মারধর করে। এ সময় হামলায় এক অটো ড্রাইভারও আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কাউছারকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, হামলার দিন সকালে মূল ঘাতক তৌহিদ তার ভাই তানজিরকে ফোন করে দেশীয় অস্ত্রসহ আরও কয়েকজনকে ঘটনাস্থলে আসার জন্য বলে। বাধা আসতে পারে ভেবে তারা আগে থেকেই পূর্বপ্রস্তুতি নিয়ে রেখেছিল।
তৌহিদের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা মামলাসহ ৭টি এবং তানজিরের বিরুদ্ধে ১টি মামলা বিচারাধীন বা তদন্তাধীন রয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
