যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আগামী ২৭ ও ২৮ অক্টোবর (মঙ্গলবার ও বুধবার) দেশব্যাপী এসব কর্মসূচি পালন করা হবে।
সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, আলোচনা সভা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
২৭ অক্টোবরের কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিন মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের জিয়া উদ্যানে যুবদলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও দোয়া-মোনাজাত করা হবে। এতে যুবদলের কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীরা অংশ নেবেন।
একই দিন বেলা ১২টায় নয়াপল্টনে যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিটগুলোর নির্ধারিত সময়ে দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক দায়বদ্ধতামূলক কর্মসূচি পালন করা হবে।
২৮ অক্টোবরের কর্মসূচি
প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিন বুধবার উপজেলা, থানা, পৌরসভা ও অধস্তন ইউনিটগুলো নিজ নিজ সুবিধাজনক সময়ে কর্মসূচি পালন করবে।
এসব কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, সমাবেশ, স্বেচ্ছায় রক্তদান, বিনা মূল্যে চিকিৎসাসেবা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্তকরণ এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব ইউনিটকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।
