আইনজীবী নেতাদের কাছে চাঁদা দাবি, মা-স্ত্রীসহ ডন বাবু গ্রেফতার
Advertisement
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
কথিত ডন বাবু ওরফে গ্রেনেড বাবু খ্যাত মোল্লা ইয়ামিন গ্রেফতার
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের কাছে মোবাইল ফোনে চাঁদা দাবির ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— কথিত ডন বাবু ওরফে গ্রেনেড বাবু খ্যাত মোল্লা ইয়ামিন, তার মা ও স্ত্রী। তাদের বাগেরহাট থেকে পাইকগাছা থানায় নিয়ে আসা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আক্কাজ আলীর কাছে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন মোল্লা ইয়ামিন ওরফে ডন বাবু ওরফে গ্রেনেড বাবু। এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও অ্যাডভোকেট আক্কাজ আলী পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
পরে জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় মোবাইল প্রযুক্তির সাহায্যে আসামি শনাক্ত করার চেষ্টা চালান পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে বাগেরহাট জেলার রামপাল এলাকা থেকে মোল্লা ইয়ামিন (৩০), তার মা শাহিদা বেগম (৫০) ও স্ত্রী হিরা আক্তারকে (২৬) গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির জানান, মোবাইল ফোনে চাঁদাবাজির ঘটনায় তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এছাড়া ২৬ অক্টোবর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কাছে চাঁদা দাবি করা আসলাম শিকদারকেও আটক করা হবে।
