৩০ টাকার চাল কিনতে পোশাক শ্রমিকদের দীর্ঘ লাইন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পিএম
পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
|
ফলো করুন |
|
|---|---|
তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচিতে চট্টগ্রামে ব্যাপক সাড়া পড়েছে। নগরীর প্রতিটি ট্রাক সেলে উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ ওএমএসের ট্রাকে শুধু শ্রমিকরাই নন, পোশাক কারখানায় কর্মরত বিভিন্ন পদের কর্মকর্তারাও লাইনে দাঁড়িয়ে চাল কিনছেন। নিত্যপণ্যের দাম বৃদ্ধির কারণে খোলাবাজারে চাল বিক্রির এ কর্মসূচিতে শ্রমিকদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
নগরীর একাধিক স্থান ঘুরে দেখা গেছে, ট্রাক সেলগুলোতে পোশাক শ্রমিকদের দীর্ঘ লাইন। শ্রমঘন এলাকা হিসেবে পরিচিত নগরীর ১০টি স্থানে এসব ট্রাকের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে। এদিকে কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে পৃথক মনিটরিং টিম গঠন করেছে চট্টগ্রাম খাদ্য বিভাগ। পাশাপাশি খাদ্য মন্ত্রণালয়ও সরাসরি কার্যক্রমটি তদারকি করছে বলে জানিয়েছেন খাদ্য বিভাগের কর্মকর্তারা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় নগরের উত্তর কাট্টলী এলাকায় লাকি গার্মেন্টস-সংলগ্ন মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চট্টগ্রাম খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের খাদ্য ব্যয় কমানো এবং সাশ্রয়ী মূল্যে চাল পাওয়ার সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার বিশেষ ওএমএস কর্মসূচি চালু করেছে। এ কার্যক্রমের আওতায় তৈরি পোশাকশিল্পে কর্মরত প্রত্যেক শ্রমিক মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকাল আড়াইটা থেকে বিকাল ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) ট্রাকে চাল বিক্রি করা হবে। চাল কেনার ক্ষেত্রে শ্রমিকদের নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে তাদের স্বাক্ষর গ্রহণের মাধ্যমে চাল বিক্রি করা হচ্ছে।
শ্রমঘন এলাকা হিসেবে পরিচিত নগরীর ১০টি স্থানে ট্রাকে চাল বিক্রি করা হচ্ছে। স্থানগুলো হলো- উত্তর কাট্টলীতে লাকি গার্মেন্টসের পাশে (কাট্টলী টেক্সটাইল লিমিটেড), অক্সিজেন রেলগেটের পাশে (কেডিএস ফ্যাশন লিমিটেড), বালুছড়ার কুলগাঁও স্কুলের সামনে (লয়েল টেক্স লিমিটেড), দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশে (প্রিয়ম গার্মেন্টস লিমিটেড), কালুরঘাট বার্জার ফ্যাক্টরির মোড়ে (আজিম গ্রুপ, ওভেন ডিভিশন), বাহির সিগন্যাল রেললাইনের উত্তর পাশে (বেইজ টেক্স লিমিটেড, ফোর এইচ গ্রুপ), বায়েজিদ রুবি গেটের সামনে (চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেড), বাকলিয়ার চাক্তাই তুলাতুলীর মোড়ে (দি নীড অ্যাপারেলস লিমিটেড), সিইপিজেড মোড়ে টিসিবি কার্যালয়ের সামনে (বিডি অ্যাপারেলস লিমিটেড) এবং কেইপিজেডের স্টিল মিল বাজারে (কেনপার্ক)।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা সানজিদা আক্তার। দীর্ঘ চার বছর ধরে তিনি কাট্টলী এলাকার একটি পোশাক কারখানায় অপারেটর পদে কর্মরত। তিনি যুগান্তরকে বলেন, বাজারে বেশির ভাগ পণ্যই ক্রয়ক্ষমতার বাইরে। চালের দামও ঊর্ধ্বমুখী। সরকার এখন ৩০ টাকা কেজি দরে চাল দেওয়ায় আমাদের দুঃখ কিছুটা হলেও লাঘব হচ্ছে। তারপরও সপ্তাহে দুই দিন চাল কেনার সুযোগ দিলে আরও ভালো হতো।
শুক্রবার দুপুর ১২টার দিকে দেওয়ানহাট সিঅ্যান্ডবি গেটের পাশের একটি বিশেষ ওএমএস ট্রাক সেলে গিয়ে দেখা যায়, তৈরি পোশাক কারখানায় নিয়োজিত শ্রমিকরা সারিবদ্ধভাবে চাল কিনছেন। সেখানেও ছিল শ্রমিকদের উপচে পড়া ভিড়।
পোশাক শ্রমিক কামাল হোসেন যুগান্তরকে বলেন, বাজারে প্রতি কেজি চাল ৬০ টাকার বেশি দরে কিনতে হয়। এখানে ৩০ টাকায় পাচ্ছি। আমাদের মতো নিম্নআয়ের মানুষ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি। এটি সারা বছর চালু থাকলে আমাদের জন্য ভালো হবে।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটওয়ারী জানান, খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে।
তিনি বলেন, নিম্নআয়ের জনগোষ্ঠীর খাদ্যপ্রাপ্তি সহজলভ্য করা এবং তাদের ক্রয়ক্ষমতা বিবেচনায় মূল্য সহায়তা দেওয়ার লক্ষ্যে সরকার নিয়মিতভাবে ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে। এটি আপাতত প্রতি শুক্রবার দেওয়া হবে। অবিক্রীত থাকলে শনিবারও চাল বিক্রি করা হবে। কার্যক্রমটি কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে। তদারকি টিম গঠন করে দেওয়া হয়েছে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

