তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
তিতাস থানা
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার তিতাস উপজেলায় সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ২৪২ জনকে আসামি করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ও জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. জামাল উদ্দিন প্রধানের স্ত্রী আয়শা আক্তার বাদী হয়ে তিতাস থানায় মামলাটি করেন। এতে ৪২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৯ নম্বর আসামি আব্দুল ওয়াদুদকে গ্রেফতার করেছে পুলিশ।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আবারও যেকোনো সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে উপজেলার গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-২ আসনের এমপি সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেন মো. জামাল উদ্দিন প্রধান। এ উপলক্ষে তার বাড়িতে তিন হাজার লোকের মধ্যাহ্নভোজের আয়োজনও করা হয়।
ভোজ শেষে বিকাল ৪টার দিকে এমপি ও স্থানীয় নেতারা মঞ্চে আসন গ্রহণ করে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করেন। এ সময় জিয়ারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. এমদাদ হোসেন আখন্দ এবং তার ছোট ভাই উপজেলা শ্রমিক দলের সভাপতি সাইমুম আখন্দ নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে গেলে জামাল উদ্দিন প্রধানের সমর্থকরা বাধা দেন।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দেশীয় লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় এমপি সেলিম ভূঁইয়া ও জ্যেষ্ঠ নেতারা বিদ্যালয়ের ভেতরে গিয়ে নিরাপদে আশ্রয় নেন। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন—ফাহিম, জিহাদ, রনি, মহসিন, ইরফান, শামসুল হক, সাফিন প্রধান (১৬), সিয়াম (১৭), জামিল (৪৩), জামাল প্রধান (৪৫), রাফিন প্রধান (১৯) ও মতিন মিয়া (৬৫)। তাদের মধ্যে প্রথম ছয়জন দাউদকান্দির গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। অন্যরা তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে সংঘর্ষের তিন ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম।
এ বিষয়ে এমদাদ হোসেন আখন্দ ও তার ছোট ভাই সাইমুম আখন্দ যুগান্তরকে বলেন, মঞ্চে এমপি আসার পর আমরা জনসভায় যোগ দিতে প্রবেশ করলে জামাল প্রধানের লোকজন বাধা দেয় এবং মারধর শুরু করে। এতে আমাদের ৭ জন আহত হন।
তাদের অভিযোগ, এ সময় জামাল প্রধানের পক্ষে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা আবু জাহের অস্ত্র হাতে শতাধিক কিশোর-যুবক নিয়ে তাদের বাড়িঘর ও বাজারের দোকানপাটে হামলা ও ভাঙচুর চালান। এমদাদকে বহিষ্কার ও এই হামলা পূর্বপরিকল্পিত বলে দাবি করেন দুই ভাই।
অন্যদিকে উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. জামাল প্রধান বলেন, আসন্ন ইউপি নির্বাচনে এমদাদ ও আমি চেয়ারম্যান প্রার্থী। কিছুদিন আগে এমদাদ এমপিকে নিয়ে অনুষ্ঠান করলেও তেমন লোক হয়নি। বৃহস্পতিবার আমি জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সঙ্গে আলোচনা করে সংবর্ধনার আয়োজন করি। অনুষ্ঠানে কয়েক হাজার লোকের উপস্থিতি দেখে ঈর্ষান্বিত হয়ে এমদাদ ও তার ভাই পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছেন। এতে আমিসহ ৭ জন আহত হয়েছি। এ ঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে মামলা করেছেন।
