এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল ব্যাহত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পিএম
এগারসিন্দুর এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল ব্যাহত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকা-চট্টগ্রাম রেলপথের গাজীপুর মহানগরীর পূবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
আগুনের কালো ধোঁয়ায় ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে এগারসিন্দুর ট্রেনটি পূবাইল স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাওয়ার সময় হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। এতে প্রচুর কালো ধোঁয়ার সৃষ্টি হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে ইঞ্জিন বন্ধ করে দিলে ধোঁয়া কিছুটা কমে আসে। পরে স্থানীয়রা পানি নিয়ে এগিয়ে আসেন এবং ট্রেনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হাসান জানান, ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হওয়ার খবর পাওয়া গেছে। তবে সেখানে প্রকৃতপক্ষে আগুন ধরেছিল কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ঢাকা থেকে চট্টগ্রামগামী অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
