বেতন বৃদ্ধির দাবি অবরোধ সংঘর্ষ
দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বেতন বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ হওয়ায় হেঁটে গন্তব্যে যান অনেকে -যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ফের উত্তাল হয়ে উঠেছে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চল। বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী ও আশুলিয়ায় পোশাক শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শ্রমিক অসন্তোষের প্রভাবে গাজীপুরের ১৫ থেকে ২০টি কারখানাসহ সাভার-আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোনাবাড়ীতে দুটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৮টায় কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আটকা পড়েন শত শত যানবাহন, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।
পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। তবে দুপুর ২টার দিকে চন্দ্রার পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকরা আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজিত শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আধাঘণ্টার মধ্যে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
কোনাবাড়ীর ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসহ কয়েকটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। এম এম নিটওয়্যার লিমিটেড ও মামুন নিটওয়্যার লিমিটেড কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকালে প্রধান ফটকে নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য উৎপাদন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে। কর্তৃপক্ষের দাবি, মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি, কাজে বাধা ও ভাঙচুরের ঘটনায় কারখানার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নোটিশে খোলার তারিখ জানানো হবে।
অন্যদিকে সাভার ও আশুলিয়ায় ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি, শ্রমিকদের কালো তালিকাভুক্তি বন্ধসহ নয় দফা দাবিতে আন্দোলন করেন শ্রমিকরা। সকাল ১০টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের সরকার মার্কেট এলাকায় হা-মীম গ্রুপের নেক্সট কালেকশন, স্টারলিং স্টাইল, সেতারা ও ইয়াগি বাংলাদেশের শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভের চেষ্টা করেন।
পরে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ ঘটনায় হা-মীম গ্রুপের নেক্সট ওয়াশ লিমিটেডের শ্রমিক নেতা রাকিব হাসানকে আটক করে পুলিশ। আশুলিয়ায় অন্তত পাঁচটি এবং সাভারের জিন্স মেনুফ্যাকচার কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের কারণে দুটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, আশুলিয়ার সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
দুপুরে সাভারের সংসদ-সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা হলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নাশকতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
[নিউজটি তৈরিতে তথ্য দিয়েছেন গাজীপুর, কাশিমপুর-কোনাবাড়ী, কালিয়াকৈর ও সাভার প্রতিনিধি]
