অস্ত্রের মুখে ৩০ বাগান মালিক-শ্রমিককে অপহরণ করল পাহাড়ি সন্ত্রাসীরা
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের পটিয়ায় অস্ত্রের মুখে ৩০ জন বাগান মালিক ও শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে একটি পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার হাইদগাঁও অগ্নিছড়া এলাকা থেকে বাগানে যাওয়ার পথে ‘কল্লা কামাল’ নামের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে নিয়ে যায়।
তবে অপহরণের সময় ওই বাহিনী থেকে প্রায় আটজন পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।
পালিয়ে আসাদের মধ্যে মোহাম্মদ তাজুল (৫০) নামের একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, খোঁজখবর নিয়ে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি সন্ত্রাসীদের বিষয়ে পুলিশ বা গণমাধ্যমকে কোনো তথ্য দিলে তারা সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে হামলা চালায়। মঙ্গলবার সকালে বাগানে যাওয়ার পথে কল্লা কামালের নেতৃত্বে প্রায় ১৪ জন সশস্ত্র সন্ত্রাসী ভারি আগ্নেয়াস্ত্রের মুখে মালিক ও শ্রমিকদের জিম্মি করে। সেই সময় সন্ত্রাসীদের সঙ্গে যেতে অস্বীকৃতি জানালে মোহাম্মদ তাজুলকে পিটিয়ে আহত করা হয়। পরে ‘বিষয়টি কাউকে জানালে হত্যা করা হবে’—এমন হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
তাজুলের ভাই জেবর মল্লুক জানান, আহত অবস্থায় তাজুল পাহাড় থেকে নেমে আসার পর সকাল ১০টার দিকে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সন্ত্রাসীদের ভয়ে শুরুতে বিষয়টি গোপন রাখা হয়েছিল।
স্থানীয় বাসিন্দা লাভলু জানান, সন্ত্রাসীদের জিম্মিদশা থেকে জসিম, কালু মিয়া, করিম ও জকুসহ প্রায় আটজন পালাতে সক্ষম হয়েছেন। এখনো অন্তত ২০ জন সন্ত্রাসীদের হাতে জিম্মি রয়েছেন। তবে অপহরণকারীরা এখন পর্যন্ত মুক্তিপণ চেয়ে কারও সঙ্গে যোগাযোগ করেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, হাইদগাঁও শ্রীমাই অগ্নিছড়া এলাকা থেকে অপহরণের পর জিম্মিদের রাঙ্গুনিয়া থানা এলাকার একটি গহিন জঙ্গলে আটকে রাখা হয়েছে। পটিয়া, বোয়ালখালী ও রাঙ্গুনিয়া সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় তিনটি সন্ত্রাসী গোষ্ঠী মাদক ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করে। এর মধ্যে রাঙ্গুনিয়ার সরফভাটার ‘কল্লা কামাল বাহিনী’ সবচেয়ে বেপরোয়া। এই বাহিনীকে মাসিক ও বাৎসরিক হারে চাঁদা দিয়ে নির্ধারিত টোকেন না নিয়ে বাগানে প্রবেশ করলে মালিক ও শ্রমিকদের জিম্মি করে রাখা হয়।
