দুই সন্তানকে নিয়ে বিষপান, মা ও ভাইয়ের পর মারা গেল তাবিয়া
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে নিয়ে বিষপান করা আছিয়া বেগমের (২৮) পর এবার মারা গেছে তার পাঁচ বছরের মেয়ে তাবিয়া মিনহাও। ঘটনার ২০ দিন পর রোববার (২২ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এর আগে গত ৩ নভেম্বর ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার কলারণ গ্রামে বাবার বাড়িতে তিন সন্তানের মধ্যে দুই সন্তানকে নিয়ে বিষপান করেন আছিয়া বেগম। গুরুতর অবস্থায় তাদের প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বিষপানের দিনই মারা যায় আছিয়ার ১৯ মাসের ছেলে জিসান। পাঁচ দিন পর ৮ নভেম্বর মারা যান আছিয়া নিজেও। সর্বশেষ রোববার তাবিয়ার মৃত্যুতে পরিবারের তিনজনেরই প্রাণ গেল।
বেঁচে রইল আছিয়ার বড় ছেলে দ্বীন ইসলাম (১০)। ঘটনার দিন সে মাদ্রাসায় থাকায় প্রাণে বেঁচে যায়। মা ও দুই ভাইবোনকে হারিয়ে শিশুটি এখন অসহায় হয়ে পড়েছে। অন্যদিকে ঘটনার পর থেকেই তার বাবা আমিনুর শেখ পলাতক।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে বোয়ালমারীর রূপাপাত গ্রামের আমিনুর শেখের সঙ্গে আছিয়ার বিয়ে হয়। স্বজনদের অভিযো- দাম্পত্য কলহ, যৌতুকের চাপ, তালাকের হুমকি ও স্বামীর দ্বিতীয় বিয়ের খবর আছিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় আছিয়াকে আসামি করে তার স্বামীর পরিবার আগেই একটি মামলা করেছিল। যেহেতু আছিয়া মারা গেছেন, তাই তিনি ওই মামলা থেকে অব্যাহতি পাবেন। এখন মামলাটি দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামীর বিরুদ্ধে পরিচালিত হবে। এছাড়া আমিনুর শেখের বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুক দাবির মামলাও রয়েছে। বর্তমানে তিনি পলাতক, তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
