বিএনপি নেতাকে ছুরিকাঘাত, ‘নব্য জেএমবির’ সদস্য মামুন ৭ দিনের রিমান্ডে
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল ফাটিয়ে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ‘নব্য জেএমবির’ সদস্য নাজমুল হাসান মামুনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় জাহেদুল ইসলাম জাবেদ নামের অপর এক আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ রেজাউল হক এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বলেন, মামুনের প্রকৃত নাম নাজমুল হাসান মামুন। তিনি নব্য জেএমবির সদস্য। তার বিরুদ্ধে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই মামলায় জাবেদ নামের অপর আসামির চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এর আগেও মামুনকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানান আদালত সংশ্লিষ্টরা।
রায়পুর থানা পুলিশ জানায়, গত ৩ নভেম্বর রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে মামুন এক বিএনপি নেতাসহ তিনজনকে ছুরিকাঘাত করে আহত করেন। স্থানীয় লোকজন তাকে ধাওয়া দিলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেন। ওই সময় মামুন নিজের প্রকৃত নাম গোপন করে সাইফুল ইসলাম সুজন এবং ভোলা সদর উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দেন। পরে তাকে প্রধান আসামি করে সাতজনের নামে রায়পুর থানায় মামলা করা হয়।
পুলিশ আরও জানায়, প্রায় দুই মাস ধরে পরিচয় গোপন করে উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের বাড়িতে ভাড়া থাকতেন মামুন। গ্রেফতারের পর ৯ নভেম্বর তার ভাড়া কক্ষ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ১০ নভেম্বর বিকালে একই বাড়ির উঠানের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে বোমা ভর্তি দুটি দুধের কৌটা উদ্ধার করে পুলিশ। পরদিন রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি দল কৌটাগুলোর ভেতরে শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করে এবং ১২ নভেম্বর সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
মামুনকে বিস্ফোরক আইনে করা পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে বরিশালসহ বিভিন্ন থানায় ১৬টি মামলার তথ্য পেয়েছে পুলিশ। প্রথম দফায় পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তার প্রকৃত পরিচয় বেরিয়ে আসে। তিনি নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন, যিনি ‘জঙ্গি-বোমারু মামুন’ নামে পরিচিত।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মামুন নব্য জেএমবির শূরা কাউন্সিলের সদস্য ছিলেন। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। তখন তার বয়স ছিল ২১ বছর। ঢাকার একটি হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
