ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে শিল দিয়ে আঘাত, মারা গেলেন যুবক
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পিএম
মামুন মিয়া ও তার ঘাতক স্ত্রী
|
ফলো করুন |
|
|---|---|
দাম্পত্য কলহের জেরে স্ত্রীর পাথরের শিলের আঘাতে গুরুতর আহত মামুন মিয়া (৩২) ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেছেন।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মামুন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের কাউছার আহমেদের ছেলে। তার মৃত্যুতে দুই শিশুসন্তান বাবাকে হারাল।
অন্যদিকে স্বামীকে হত্যার অভিযোগে কারাগারে রয়েছেন স্ত্রী মমতা বেগম (২৫)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামুনের মৃত্যুর পর আগে করা হত্যাচেষ্টা মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে শ্রীধরপুর গ্রামের মামুন ও উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের শফিক মিয়ার মেয়ে মমতার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পরিবারের অভিযোগ, গত ১৮ নভেম্বর ভোররাতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে মামুনকে খাওয়ান মমতা। মামুন ঘুমিয়ে পড়লে তার মাথার পেছনে ও মুখমণ্ডলে পাথরের শিল দিয়ে উপর্যুপরি আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান স্ত্রী। গুরুতর আহত মামুনকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর আত্মগোপনে থাকা মমতা বেগমকে গত ২০ নভেম্বর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ওই দিনই মামুনের মা তাসলিমা বেগম বাদী হয়ে পুত্রবধূ মমতাকে আসামি করে মাধবপুর থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস শনিবার (২১ নভেম্বর) বিকালে মমতাকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জবানবন্দিতে মমতা দাবি করেন, বিয়ের পর থেকেই স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। প্রতিবাদ করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিতেন এবং শিশুসন্তানকেও হত্যার হুমকি দিতেন। এতে অতিষ্ঠ হয়ে তিনি পাথরের শিল দিয়ে স্বামীর শরীরের বিভিন্ন স্থানে চারটি আঘাত করেন।
