কালীগঞ্জ থেকে নিখোঁজ ২ বোন কিশোরগঞ্জে উদ্ধার
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুই কিশোরীকে ১২ ঘণ্টার মধ্যে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে দুই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
উদ্ধার হওয়া দুই কিশোরী হলো, উপজেলার ৮নং মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। তারা দুজনই সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর প্রাইভেট পড়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় দুই বোন। এরপর নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে ওই দিন সন্ধ্যা ৭টার দিকে কালীগঞ্জ থানায় নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের বাবা সুব্রত দেবনাথ।
পরে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুই কিশোরীর অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালান। পরে নিখোঁজ হওয়ার প্রায় ১২ ঘণ্টার মধ্যে দুই কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. জুলফিকার আলী জানান, দুই কিশোরী মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে সিলেটে এক বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশে রওনা হয়েছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করা হয়।
তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সঙ্গে সহনশীলতা, ভালোবাসা ও মমতার সঙ্গে আচরণ করা উচিত। তাদের মানসিক অবস্থা ও অনুভূতির প্রতি গুরুত্ব দেওয়ার পাশাপাশি পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও যত্নশীল হতে হবে, যাতে অভিমান বা আবেগের বশে তারা কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত না নেয়।

