কুমেকে দুদকের অভিযান, পাওয়া গেল যত অভিযোগ
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পেয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) রোগীদের হয়রানি, ইসিজি ও ইকো পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায়, সরকারি রাজস্ব আত্মসাৎ এবং ওষুধের মজুত ও পণ্য কেনাকাটায় ব্যাপক অনিয়মের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে দুদক কুমিল্লার একটি এনফোর্সমেন্ট দল এ অভিযান পরিচালনা করে।
দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে অভিযানে আরও অংশ নেন উপসহকারী পরিচালক সিদ্দিকুর রহমান রুবেল ও সানজিদা আকতার শিলা।
দুদক সূত্র জানায়, অভিযান শুরুর আগে কর্মকর্তারা ছদ্মবেশে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরে রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে বিভিন্ন রেকর্ডপত্র যাচাই করা হয়। এতে সবচেয়ে বেশি অনিয়মের চিত্র উঠে আসে কার্ডিওলজি বিভাগের ইসিজি কার্যক্রমে। সেখানে দায়িত্বে থাকা কার্ডিওগ্রাফার মোহাম্মদ হাফিজুর রহমান প্রতিটি ইসিজির বিপরীতে রোগীদের কাছ থেকে ৮০ টাকা করে নিলেও নিয়মিত রশিদ দিতেন না। তিনি সাদা কাগজে টোকেনের মাধ্যমে হিসাব রাখতেন এবং দিন শেষে নিজের সুবিধামতো ৩০ থেকে ৫০ জন রোগীর নাম রেজিস্টারে তুলতেন।
দুদকের পর্যবেক্ষণে দেখা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ২৩০ থেকে ২৫০ জন রোগী ইসিজি করাতে এলেও রেজিস্টারে মাত্র ৪০ থেকে ৪৫ জনের নাম তোলা হতো। বাকি রোগীদের কাছ থেকে নেওয়া অর্থের হিসাব সরকারি রেকর্ডে পাওয়া যায়নি। এ সময় সংশ্লিষ্ট কর্মচারীর ড্রয়ার থেকে টাকা জমার রশিদ বই উদ্ধার করা হয় এবং রোগীদের ইসিজি প্রতিবেদনের সঙ্গে রেজিস্টার মিলিয়ে ব্যাপক অসংগতি পাওয়া যায়।
অন্যদিকে ইকো কার্ডিও রুমে সরকারি নির্ধারিত ২০০ টাকা ফির অতিরিক্ত ১০০ থেকে ৩০০ টাকা আদায়ের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। অভিযানে দেখা যায়, যারা নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিচ্ছেন, তাদের তাৎক্ষণিক ইকো পরীক্ষা করানো হচ্ছে। অথচ সাধারণ রোগীদের দুই থেকে চার দিন পর পরীক্ষার তারিখ দেওয়া হচ্ছে।
হাসপাতালের বহির্বিভাগের ১৩৮ নম্বর ওষুধ বিতরণ কেন্দ্রের স্টক রেজিস্টার যাচাই করে বাস্তব মজুতের সঙ্গে হিসাবে গরমিল পাওয়া যায়। মন্টিলুকাস্ট ওষুধের রেজিস্টারে ২৬ হাজার ৬০০ পাতা উল্লেখ থাকলেও বাস্তবে পাওয়া যায় ২৫ হাজার ৬০০ পাতা। অর্থাৎ এক হাজার পাতার ঘাটতি রয়েছে।
কেন্দ্রীয় ওষুধ স্টোরেও বড় ধরনের অসংগতি শনাক্ত করে দুদক। স্টোরকিপার শ্যামল কান্তি রায়ের উপস্থিতিতে মজুত যাচাই করে দেখা যায়, একটি ওষুধের ক্ষেত্রে রেজিস্টারে ২৪ হাজার ২৬৫টি থাকার কথা থাকলেও গণনায় এসকেএফ ব্র্যান্ডের ১৪ হাজার ৩১৮টি এবং বিকন ব্র্যান্ডের ৩ হাজার ২৯১টি (মোট ১৭ হাজার ৬০৯টি) পাওয়া যায়। বাকি ৬ হাজার ৬৫৬টি ওষুধের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি স্টোরকিপার।
এছাড়া হাইড্রোকর্টিসন ১০০ মিলিগ্রাম ইনজেকশনের রেজিস্টারে ২০ হাজার ১০১টি থাকার কথা থাকলেও বাস্তবে পাওয়া যায় ১৯ হাজার ১০০টি। এতে এক হাজার একটি ইনজেকশনের ঘাটতি পাওয়া যায়। স্টোরে থাকা বেশ কয়েক ধরনের ইনজেকশন ও ওষুধের প্যাকেটে সরকারি সম্পত্তির সিল বা চিহ্ন না থাকায় সরকারি ওষুধ বাইরে বিক্রির সন্দেহ করছে দুদক।
এদিকে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনাকাটায় বাজারমূল্যের চেয়ে দেড় থেকে তিনগুণ বেশি দাম দেখানোর প্রমাণ মিলেছে। মেসার্স মিথিল এন্টারপ্রাইজের সরবরাহ করা পণ্যের চালান যাচাই করে দেখা যায়, ৬০ টাকা বাজারমূল্যের সাবান কেনা হয়েছে ৮৯ টাকা দরে, ১৪০ টাকার ৫০০ মিলি টয়লেট ক্লিনার ২৪৯ টাকা, ২০০ টাকার ফিনাইল ৩৯৯ টাকা, ২৫ টাকার টয়লেট টিস্যু ৬৯ টাকা এবং ১০০ টাকার হ্যান্ডওয়াশ কেনা হয়েছে ১৯০ টাকা দরে। এ ছাড়া ওয়াশিং পাউডার, প্লাস্টিকের বদনা ও পানির জগ কেনাকাটায়ও অস্বাভাবিক দাম দেখানো হয়েছে।
দুদক কুমিল্লার সহকারী পরিচালক মো. এমরান হোসেন জানান, অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চাওয়া হয়েছে, যা সরবরাহের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ সময় চেয়েছে। প্রয়োজনীয় রেকর্ডপত্র পর্যালোচনা শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
