১৫ নারীকে বিয়ের নামে ঢাকার বাসায় আটকে চীনা যুবকের ধর্ষণ
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ের নামে ঢাকার বিভিন্ন ভাড়া বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে চেন ইয়ং নামের এক চীনা যুবকের বিরুদ্ধে। ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটককে হাতিয়ার বানিয়ে কিশোরী ও অবিবাহিত নারীদের সঙ্গে প্রেমের ফাঁদ পাততেন তিনি।
সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সি এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সি একাধিক নারী ঘটনাস্থলে হাজির হয়ে চেন ইয়ংয়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তোলেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে ঢাকার উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) বিকালে তাকে আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দোলন বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরদিন তার বাবা মানিকগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের ঘটনায় তদন্ত শুরু করে পুলিশ। এরই মধ্যে সোমবার রাতে ওই শিক্ষার্থী তার বড় বোনকে ফোন করে জানায়, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তার পরিচয় হয়েছিল। একপর্যায়ে বিয়ে ও নানা প্রলোভন দেখিয়ে তাকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে একটি বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করে সে।
বড় বোনের দেওয়া তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের ওই বাসার অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চীনা পাসপোর্ট, দুটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন চেন ইয়ং। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। এরপর স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে বিশ্বাসযোগ্যতা অর্জন করতেন এবং নারীদের ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে আটকে রেখে ধর্ষণ করতেন। গ্রেফতারের পর তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ।
এদিকে চেন ইয়ংকে গ্রেফতারের খবর পেয়ে সোমবার রাতে বিভিন্ন বয়সি একাধিক নারী সেখানে উপস্থিত হন। তাদের মধ্যে সাভারের এক নারীও তাকে নিজের স্বামী বলে দাবি করেন।
পুলিশের ধারণা, অভিযুক্তের সঙ্গে আরও নারী জড়িত থাকার বিষয়টি তদন্তের দাবি রাখে। এসব ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন।
মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় জিডি হওয়ার পর থেকেই পুলিশ তদন্ত শুরু করে। পরে তার বড় বোনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা থেকে শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
