পাংশায় এক রাতে দুই ইউনিয়ন পরিষদে আগুন
|
ফলো করুন |
|
|---|---|
রাজবাড়ীর পাংশা উপজেলায় গভীর রাতে শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২৮ নভেম্বর) গভীর রাতে ইউনিয়ন পরিষদ দুটিতে এ ঘটনা ঘটে। তবে আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
রোববার (২৯ নভেম্বর) সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা শরিষা ও মৌরাট ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন ধরিয়ে দেয়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে এ ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়দের কেউ কেউ। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে কে বা কারা ইউনিয়ন পরিষদের বারান্দায় আগুন দিয়ে ক্ষতিসাধনের চেষ্টা করেছে।
শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, তিনিও অগ্নিসংযোগের বিষয়টি শুনেছেন। বেশ কিছুদিন ধরে পাংশার বাইরে থাকায় ইউনিয়ন পরিষদে যাওয়া হয়নি। তবে আগুনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানতে পেরেছেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
