শরীয়তপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আরও একজন নিহত
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পিএম
নিজামউদ্দিন মৃধা
|
ফলো করুন |
|
|---|---|
শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় নিজামউদ্দিন মৃধা নামে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়াল।
রোববার (২৯ নভেম্বর) ভোরে জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে অসংখ্য ককটেল বিস্ফোরণ ও ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষের জেরে প্রায় এক ঘণ্টা পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ থাকে।
নিহত নতুন ব্যক্তির নাম নিজামউদ্দিন মৃধা। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার শামসুদ্দিন মৌলভীকান্দি এলাকার দাদন মৃধার ছেলে।
এর আগে একই ঘটনায় ইব্রাহিম সিপাহী নামে আরও একজন প্রাণ হারান। তার বাড়ি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ঘোড়ারঘাট এলাকায়; বাবার নাম হাফিজুর সিপাহী।
নিহত দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের নাওডোবা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নেন। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় পুরো এলাকায় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং অন্তত ১৫-২০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম সিপাহী ও নিজামউদ্দিন মৃধার মৃত্যু হয়।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম এলাহী জানান, ইব্রাহিম সিপাহী নামের এক যুবকের লাশ সদর হাসপাতালে আনা হয়েছে। তার ময়নাতদন্তের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ শরীফ-উজ-জামান বলেন, সংঘর্ষে দুইজন নিহতের খবর পেয়েছি। তাদের মধ্যে একজন শরীয়তপুর এবং অপরজন মাদারীপুর জেলার বাসিন্দা। তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থক বলে শুনেছি। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
