বরিশালে পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, গ্রামীণ ব্যাংকে আগুন
বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে বরিশালে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। নগরীর নথুল্লাবাদ এলাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ও বিএম কলেজ এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া জেলার গৌরনদীতে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টার মধ্যে এসব ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে গৌরনদী উপজেলার বার্থী এলাকায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত আসে। তারা কার্যালয়ের জানালার কাঁচ ভাঙচুর করে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয়রা চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।
অন্যদিকে, একই দিন রাত ৮টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় বিভাগীয় পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে বিএম কলেজ এলাকাতেও ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি করেছেন প্রশাসনের কর্মকর্তারা।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, বরিশাল নগরীকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। এরপরও সুযোগ বুঝে গোপনে হামলার চেষ্টা করছে দলটির নেতাকর্মীরা।
তিনি আরও বলেন, লকডাউনের নামে কেউ নগরীতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে।

