মাইনুল আহসান নোবেল। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ব্যাপক জনপ্রিয় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল অসামান্য কণ্ঠ প্রতিভা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বিভিন্ন ব্যক্তিগত ও আইনি বিতর্কের কারণে তার ক্যারিয়ারে বারবার ছন্দপতন ঘটেছে। ভারতের জনপ্রিয় সংগীত রিয়েলিটি শো সা রে গা মা পা বাংলা (২০১৮)-এ অংশ নিয়ে তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছিলেন নোবেল।
কিন্তু পরবর্তীতে গানের ক্যারিয়ারের চেয়ে মাদককাণ্ড, নারীঘটিত নানা অভিযোগ এবং মামলা-মোকদ্দমায় জড়িয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে সেসব বিতর্ক পেছনে ফেলে এবার নোবেল পুরোদস্তুর একজন ‘ফ্যামিলিম্যান’। স্ত্রী ও সন্তানকে নিয়ে তার সুখের সংসার দেখে ভক্ত-অনুরাগীরাও নতুন করে আশায় বুক বাঁধছেন। নোবেলের এমন দায়িত্বশীল ও পারিবারিক রূপ দেখে উচ্ছ্বসিত তারা।
সম্প্রতি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছেন নোবেল। সেখানে এক ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলে বসে ছেলেকে কোলে নিয়ে গিটার বাজাচ্ছেন এ সংগীতশিল্পী। ভিডিওটি ধারণ করেন তার স্ত্রী।
টাঙ্গাইলের ধনবাড়ির নবাববাড়ি থেকে পোস্ট করা আরেক ভিডিওতে দেখা গেছে,নোবেল ছেলেকে জেমসের বিখ্যাত ‘বাবা’ গানটি গেয়ে শোনাচ্ছেন। এ ছাড়া ‘বাপজানের সঙ্গে সকালের আড্ডা’ বা ‘মাই ফ্যামিলি’ ক্যাপশনে স্ত্রী-পুত্রের সঙ্গে মিষ্টি মুহূর্তের ছবিও শেয়ার করে নিয়েছেন এ সংগীতশিল্পী।
সামাজিক মাধ্যমে নেটিজেনরা তার ছবি ও ভিডিওর মন্তব্যের ঘরে এ সংগীতশিল্পীকে প্রশংসায় ভাসাচ্ছেন। নোবেলের পোস্টের মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন— ‘সুখী পরিবার। তবে ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলো ভালো কাটুক, এই দোয়া’। আরেক নেটিজেন লিখেছেন— ‘জীবনটা এবার সুন্দর করে তিনজন মিলে গুছিয়ে নেন’। অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘মাশাআল্লাহ ভাইয়া, আমরা আপনাকে এভাবেই দেখতে চাই’।
অতীত ভুলে নোবেল যেন গানে মনোযোগ দিয়েছেন এবং বিতর্কমুক্ত জীবন কাটান— এখন ভক্তদের এটাই চাওয়া। এতসব বিতর্কের পর এ সংগীতশিল্পীর এই স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা ভক্তদের মনে নতুন করে আশার সঞ্চার করেছে, তা বলাই বাহুল্য।
গত বছর বড় এক বিতর্কে জড়িয়েছিলেন নোবেল। ২০২৫ সালের ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে তার বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীকেই বিয়ে করেন এ সংগীতশিল্পী। বর্তমানে সেই স্ত্রীর সঙ্গেই সুন্দর জীবন পার করছেন তিনি, তাদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। কিছু দিন আগেই একমঞ্চে ছেলেকে প্রকাশ্যে এনে ভক্ত-অনুরাগীদের চমকে দিয়েছিলেন নোবেল। আর এখন তার ফেসবুক পেজজুড়ে শুধুই স্ত্রী ও সন্তানের ছবি।
