ফেসবুক থেকে সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস অনেক দিন ধরে অভিনয়ে অনিয়মিত। শুধুমাত্র বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের শোরুম উদ্বোধনে ফিতা কাটা আর প্রচারণামূলক কাজেই ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। এ ছাড়া নিজের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়েও ব্যস্ততা রয়েছে তার। সেই সঙ্গে সন্তান আব্রাম খান জয়কে ঘিরে তার পারিবারিক ব্যস্ততা। এসব ব্যস্ততার ফাঁকে ভক্তদের সঙ্গে অভিনেত্রীর সংযোগ কেবল এখন এই সামাজিক মাধ্যম। আর এই নেটদুনিয়ার নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগীদের মাঝে ছড়িয়ে দেন তার বার্তা।
অভিনয়ে অনিয়মিত হলেও সম্প্রতি নেপালে গিয়ে ‘শিকার’ নামে একটি সিনেমার শুটিং করে এসেছেন অপু বিশ্বাস। সেই সিনেমার নায়ক আবার হয়েছেন গ্রেফতার। ফলে সিনেমাটি পড়েছে জটিলতায়। তাই কবে নাগাদ এর কাজ সম্পন্ন হবে, কবে মুক্তি পাবে, তা আপাতত অনিশ্চয়তার দোলাচলে।
এর মধ্যে অভিনেত্রীকে দেখা গেল ভিন্ন আমেজে। সচ্ছল নীলাভ জল, তার মধ্যে গলা অবধি ডুবে আছেন এক লাস্যময়ী জলকন্যা অপু সুন্দরী। নানা অঙ্গ-ভঙ্গিতে হয়েছেন ক্যামেরাবন্দি। প্রথম দর্শনে তাকে হয়তো চিনতে একটু কষ্ট হবে, পরক্ষণে একটু খেয়াল করলেই বুঝবেন— ঢালিউডের অপরূপা সুন্দরী অপু বিশ্বাস।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এ অভিনেত্রী। সেসব ছবিতে এমনই লাস্যময়ী রূপে ধরা দিয়েছেন তিনি, যা দেখে বিশ্বাস করা কঠিন— কালো সুইমস্যুট পরে জলকেলিতে নেমেছেন অভিনেত্রী অপু বিশ্বাস। বেশিরভাগ ছবিতেই জলের সঙ্গে চোখ ও মুখের অনিন্দ্য সমন্বয় করা হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন— ‘আমার আমি’।
এমন ব্যতিক্রম আবহে দেখে তার ভক্ত-অনুরাগীরাও কিছুটা অবাক হয়েছেন। মাত্র ৩০ মিনিটেই তার পোস্টে প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়ে গেছে সাড়ে সাত হাজার। মন্তব্য ছয় শতাধিক। বোঝাই যাচ্ছে, তার ছবিগুলো বিপুল সাড়া পেতে যাচ্ছে।
অপু বিশ্বাসকে জলকেলিতে দেখে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে নানারকম মন্তব্য করেছেন। প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন অনেকে। এক নেটিজেন লিখেছেন— ‘শীত লাগে না? আপনার সুইমিং করা দেখে আমার শীত লাগছে’। আরেক নেটিজেন লিখেছেন— ‘অপু তুমি আমার পছন্দের নায়িকা। ঢালিউড কুইন।’
তবে বরাবরের মতোই ভক্ত-অনুসারীদের মন্তব্যের কোনো জবাব দেননি অপু বিশ্বাস।

