হুথিদের হামলায় নিহত বাংলাদেশি সজিব হোসেন সম্পর্কে যা জানা যাচ্ছে
Advertisement
বিবিসি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের আল খুরাইস এলাকায় রোববার হুথিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে মো. সজিব হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই দিন রাতেই সজিবের মৃত্যুর খবর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামে পরিবারের কাছে পৌঁছায়। এরপর থেকে তার পরিবারে গত দুদিন কান্নার রোল চলছে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার ও মঙ্গলবার দিনভর আত্মীয়স্বজন আর এলাকাবাসী এসে ভিড় করেছেন ওই বাড়িতে। শোক প্রকাশ আর সজিব হোসেনের স্ত্রী, ছোটো কন্যা, মা আর ভাবীকে সান্ত্বনা দিচ্ছেন তারা।
ওই এলাকার ইউনিয়ন পরিষদ সদস্য মো. আল মামুন বলছেন, অল্প বয়সে সজিবের এমন মৃত্যুর খবর তাদের সবাইকে শোকাহত করেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সজিবের বাবা ও ভাই সৌদি আরবেই আছেন কিন্তু তারা এখনো জানেন না কবে নাগাদ সজিবের লাশ দেশে আনা সম্ভব হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লাশ দেশে পাঠাতে আনুষ্ঠানিক প্রক্রিয়া সারতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে রিয়াদে বাংলাদেশ দূতাবাস।
প্রসঙ্গত, ইরান সমর্থিত হুথিরা গত কিছুদিন ধরেই সৌদি আরবের আরামকোসহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। সোমবার তারা বলেছে, সৌদি আরবের আকাশসীমাও নিরাপদ নয়।
ইয়েমেনের সংখ্যালঘু শিয়া মুসলিম জায়েদিদের পক্ষে কথা বলা সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হুথি। নব্বইয়ের দশকে জন্ম নেওয়া গোষ্ঠীটির নাম এসেছে তাদের প্রয়াত প্রতিষ্ঠাতা হুসেইন আল-হুথির নাম থেকে।
