হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের সদস্যপদ স্থগিত, শোকজ
Advertisement
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩১ পিএম
মো. আব্দুল জসিম উদ্দিন
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বী এবং গণঅধিকার পরিষদের (জিওপি) কুমিল্লা জেলা শাখার সাবেক ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক মো. আব্দুল জসিম উদ্দিনের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।
একই সঙ্গে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে দলটি।
মঙ্গলবার (৬ অক্টোবর) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, মো. আব্দুল জসিম উদ্দিনের বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে। এ কারণে দলের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুনের নির্দেশক্রমে তার প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হলো।
নোটিশে আরও বলা হয়, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত জবাব আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মো. আব্দুল জসিম উদ্দিন। ওই নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ৬৬ হাজার ৫৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মো. আব্দুল জসিম উদ্দিন পেয়েছিলেন ৪৯ হাজার ৮৮৫ ভোট।
