Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১১:০৪ এএম

মধ্যপ্রাচ্যে নতুন ফ্রন্টে যুদ্ধ, মিসরের গ্যাস বন্দরে বিস্ফোরণ

মিসরের দামিয়েত্তা বন্দরে হামলা চালানো হয়। সংগৃহীত ছবি

Advertisement

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নতুন মাত্রা পেয়েছে। বুধবার (২৯ জুলাই) মিসরের দামিয়েত্তা প্রাকৃতিক গ্যাস বন্দরে ড্রোন হামলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ওই হামলার জবাবে মিসর এখনও কোনো পদক্ষেপ নেয়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, একই দিনে ইরাকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যৌথ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এর জবাবে ইরান আবার জর্ডানে মার্কিন ঘাঁটি ও হরমুজ প্রণালিতে থাকা জাহাজ লক্ষ্য করে হামলার কথা স্বীকার করেছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রের তথ্য অনুযায়ী, দামিয়েত্তা বন্দরে একটি জাহাজে ড্রোন আঘাত হানলে আগুন ছড়িয়ে পাশের আরেকটি জাহাজেও পৌঁছে যায়। নাবিকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব জানিয়েছে, ইরাক থেকে সৌদি তেলের স্থাপনায় চালানো ড্রোন হামলার জবাবে তারা ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে। পিএমএফ-এর দাবি, এসব হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনাদের ওপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র কঠোর জবাব দেবে।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশবাসীকে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, ইরান অন্যায়ের কাছে মাথা নত করবে না।

এদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের হুথি গোষ্ঠী দক্ষিণ লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনা করছে। যদিও এ পরিকল্পনা কবে কার্যকর হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় প্রভাব পড়েছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম ৭ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৯০ ডলারের ওপরে উঠে যায়, যা সাম্প্রতিক মাসগুলোর অন্যতম বড় মূল্যবৃদ্ধি।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে। তারা গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম