Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

আফগানিস্তানে ব্যাপক ড্রোন ও বিমান হামলা পাকিস্তানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

আফগানিস্তানে ব্যাপক ড্রোন ও বিমান হামলা পাকিস্তানের

আফগানিস্তানের ১০টি স্থানে ‘নির্ভুল’ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। ছবি: সংগৃহীত

Advertisement

আফগানিস্তানের সাম্প্রতিক ড্রোন হামলা চেষ্টার জবাবে দেশটির ১০টি স্থানে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন। খবর জিও নিউজের

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে নির্ভুল বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এসব স্থান থেকে ড্রোন উৎক্ষেপণ ও সংরক্ষণ করা হতো।’

এর এক দিন আগে আফগানিস্তান থেকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছিল দেশটির নিরাপত্তা সূত্র।

সূত্রগুলো জানায়, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটটি ড্রোনই সময়মতো শনাক্ত করে এবং সেগুলো বাধা দিয়ে ভূপাতিত করে। এর মধ্যে চারটি তোরখাম সীমান্তসংলগ্ন এলাকায় এবং বাকি চারটি কোহাটের কাছের পার্বত্য এলাকায় ভূপাতিত করা হয়।

আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানের হামলাগুলো ছিল ‘পরিকল্পিত, নির্ভুল, নিয়ন্ত্রিত ও আনুপাতিক’। পাকিস্তানে হামলার চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত শনাক্ত সামরিক স্থাপনাগুলোতেই হামলা সীমাবদ্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।


তিনি বলেন, গত ২৩ সেপ্টেম্বর আফগান ভূখণ্ড থেকে ড্রোন পাঠিয়ে পাকিস্তানের ওপর যে হামলার চেষ্টা করা হয়েছে, তার তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। এটি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ‘স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘গুরুতর ও অগ্রহণযোগ্য আগ্রাসন’ বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি ও তাদের সহযোগী নেটওয়ার্ক থাকার বিষয়ে পাকিস্তান বহু বছর ধরে আফগান তালেবান সরকার ও সংশ্লিষ্টদের উদ্বেগ জানিয়ে আসছে।

তার দাবি, এসব নেটওয়ার্ক ধ্বংস করে সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ও যাচাইযোগ্য ব্যবস্থা নেওয়ার বদলে তালেবান সরকার পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক ড্রোন অভিযান চালিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছে।

তারার বলেন, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনুপ্রবেশকারী সব ড্রোন শনাক্ত, অনুসরণ ও ধ্বংস করেছে। ফলে সেগুলো নির্ধারিত কোনো লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

তিনি সতর্ক করে বলেন, আফগান ভূখণ্ড থেকে সন্ত্রাসী গোষ্ঠী কিংবা আফগান তালেবান সরকার নিজে কোনো হামলা চালালে পাকিস্তান তা মেনে নেবে না। পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের যেকোনো ঘটনায় তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে।


সেইসঙ্গে তালেবান সরকারকে পাকিস্তানের বিরুদ্ধে সব ধরনের শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ এবং আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কার্যকর, দৃশ্যমান ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তবে আতাউল্লাহ তারার সতর্ক করে বলেন, পাকিস্তান উত্তেজনা বাড়াতে চায় না এবং আঞ্চলিক শান্তি, সংলাপ ও গঠনমূলক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই অবস্থানকে দুর্বলতা বা শত্রুতামূলক কর্মকাণ্ড সহ্য করার মানসিকতা হিসেবে দেখা উচিত নয়।

তিনি বলেন, পাকিস্তান তার সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। আফগান তালেবানের পক্ষ থেকে ভবিষ্যতে কোনো উসকানিমূলক কর্মকাণ্ড হলে তার দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম