জনমত জরিপ
ইসরাইলের আগামী নির্বাচনে বিরোধীদের জয়ের পূর্বাভাস, নেতানিয়াহুর ভাগ্যে কী আছে?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
|
ফলো করুন |
|
|---|---|
ইসরাইলের আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত এক নতুন জনমত জরিপে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন শাসক জোটের তুলনায় বিরোধী শিবিরের জয়ের স্পষ্ট পূর্বাভাস পাওয়া গেছে।
ইসরাইলি ‘চ্যানেল ১২’ পরিচালিত এই জরিপ অনুযায়ী, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ‘ইয়াশার’ পার্টির পরিচালিত বিরোধী জোট ১২০ আসনের নেসেটে (ইসরাইলের পার্লামেন্ট) ৫৪টি আসন পেতে পারে, যেখানে নেতানিয়াহুর ক্ষমতাসীন দল ও তার সহযোগীরা পাচ্ছে ৫০টি আসন।
তবে বিরোধী দল এগিয়ে থাকলেও ইসরাইলের নিয়ম অনুযায়ী সরকার গঠনে প্রয়োজন হয় ন্যূনতম ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা। জরিপ অনুযায়ী, কোনো জোটই এককভাবে এই ম্যাজিক ফিগারে পৌঁছাতে না পারায় পার্লামেন্টের বাকি ১৬টি আসন অর্জনকারী নিরপেক্ষ দলগুলোই মূলত নতুন সরকার গঠনে নির্ধারণী ভূমিকা পালন করবে।
এই সমীক্ষায় বিরোধী জোটের প্রধান রূপকার গাদি আইজেনকটের ইয়াশার পার্টি ২৩টি আসন পেয়ে পার্লামেন্টের একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করার আভাস দিয়েছে।
বিরোধী জোটে অন্তর্ভুক্ত অন্যান্য দলগুলোর মধ্যে ইয়ার গোলানের ‘দ্য ডেমোক্র্যাটস’ ও লিবারম্যানের ‘ইসরাইল বেইতেনু’ প্রতিটি ৯টি করে আসন পেতে পারে। এ ছাড়া ‘দ্য রিজার্ভিস্টস’, ‘আমচা ইসরাইল’ এবং ‘কাহোল লাভান’ দলগুলো ৪টি করে আসন পাবে বলে জরিপে ইঙ্গিত পাওয়া গেছে।
অন্যদিকে, ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দল ‘লিকুদ পার্টি’ ২০টি আসন পেতে পারে। তার জোটে থাকা অতি-গোঁড়া ও কট্টরপন্থী দলগুলোর মধ্যে ‘ইউনাইটেড তোরাহ জুডাইজম’ ৮টি, ‘শাস’ ৭টি, ইতামার বেন-গভীরের ‘জুয়িশ পাওয়ার’ ৬টি এবং ‘রিলিজিয়াস জায়োনিজম’ ৫টি আসন পেতে পারে।
সরকার গঠনের নির্ণায়ক হিসেবে আবির্ভূত হওয়া ১৬টি নিরপেক্ষ আসনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘টুগেদার’ পার্টি একাই ১৩টি আসন পেয়ে তৃতীয় বৃহত্তম শক্তি হতে যাচ্ছে। বাকি ৫টি আসন যেতে পারে ‘ইউনাইটেড আরব লিস্ট’-এর ঝুলিতে।
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনকে ঘিরে পরিচালিত এই জরিপে জানানো হয়, মোট ৩৮টি রাজনৈতিক দল বা তালিকা নিবন্ধিত হলেও শেষ পর্যন্ত মাত্র ১৩টি দল ৩.২৫ শতাংশের নির্বাচনী থ্রেসহোল্ড পার হয়ে পার্লামেন্টে আসন নিশ্চিত করতে পারবে।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর থেকে ক্ষমতায় বহাল থাকা নেতানিয়াহু একদিকে দেশের ভেতরে দুর্নীতির মামলার বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন, অন্যদিকে গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) কর্তৃক জারিকৃত গ্রেফতারি পরোয়ানার মুখে রয়েছেন।

