‘গ্রেফতার হতেই এসেছি’—আটকের আগে পুলিশকে অভিজিৎ দীপকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পিএম
দিল্লি পুলিশের একটি দল উড়োজাহাজের ভেতরে ঢুকে অভিজিৎ দীপকেকেসহ তিন নেতাকে আটক করে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে যোগ দিতে যাচ্ছিলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন নেতা। কিন্তু বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজ থেকে নামার আগেই তাদের আটক করে পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ দিল্লিতে অবতরণের কয়েক মিনিটের মধ্যেই এ ঘটনা ঘটে।
আটক নেতারা হলেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। দিল্লি পুলিশের একটি দল উড়োজাহাজের ভেতরে ঢুকে তাদের আটক করে। ওই দলে নারী পুলিশ সদস্যের সংখ্যাই ছিল বেশি বলে জানা গেছে।
বাণিজ্যিক উড়োজাহাজের ভেতরে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সহযাত্রীরা এ ঘটনা দেখে বিস্মিত হন। তাদের অনেকে মোবাইল ফোনে পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলার সময় বেশ উত্তেজিত ছিলেন অভিজিৎ দীপকে। এ সময় তিনি কর্মকর্তাদের বলেন, ‘আমি গ্রেফতার হতেই এসেছি।’
তিন নেতাকে আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিজেপি। দলটি এ পদক্ষেপকে কর্তৃত্ববাদী আচরণ এবং ‘চলাচলের স্বাধীনতার প্রকাশ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
শনিবার দেওয়া এক বিবৃতিতে সিজেপি জানায়, অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করার ঘটনায় তারা তীব্রভাবে নিন্দা জানাচ্ছে। দলটির অভিযোগ, বিক্ষোভস্থলে নেতাদের পৌঁছাতে বাধা দেওয়ার জন্য আগে থেকেই পরিকল্পনা করে তাদের আটক করেছে পুলিশ।
সিজেপির দাবি, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্বকে দুর্বল করে দেওয়া এবং কর্মসূচি ভেস্তে দেওয়া।
দলটি আরও অভিযোগ করেছে, নেতাদের চলাচলের স্বাধীনতা লঙ্ঘন করেছে পুলিশ। একই সঙ্গে আটক তিন নেতাকে অবিলম্বে এবং নিঃশর্তভাবে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তারা।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে এই বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি।
শনিবার দিল্লির যন্তর মন্তরে এই কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে দিল্লি পুলিশ আগেই বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্নের আশঙ্কার কথা জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিক্ষোভে যোগ দিতে দিল্লিতে পৌঁছানোর পর উড়োজাহাজের ভেতরেই তিন নেতাকে আটকের ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সিজেপি একে শান্তিপূর্ণ প্রতিবাদ দমনের চেষ্টা বলে অভিযোগ করেছে। অন্যদিকে, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


