দীপাবলিতে পটকা ফোটানোও ‘দেশবিরোধী’: অভিনেত্রী সোনি রাজদান
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের দীপাবলি উৎসবে আতশবাজি ও পটকা ফোটানো নিয়ে বিতর্কের মধ্যে কঠোর মন্তব্য করেছেন বলিউডের জ্যেষ্ঠ অভিনেত্রী সোনি রাজদান। তার মতে, দীপাবলিতে একটি পটকা ফোটানোও ‘দেশবিরোধী’ কাজ। এ মন্তব্যের পর নিজের ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য করার সুযোগও বন্ধ করে দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সোনি রাজদান বায়ুদূষণের কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেন।
তিনি লেখেন, ছোট শিশু রয়েছে এমন যেকোনো অভিভাবকই বলতে পারবেন, বায়ুদূষণের কারণে তাদের সন্তানদের কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে। অসুস্থতার কারণে কত দিন তারা স্কুলে যেতে পারছে না, সেটিও অভিভাবকদের জানা।
সোনি রাজদান আরও লেখেন, এমন পরিস্থিতিতেও কেউ যদি মনে করেন, এবারের দীপাবলিতে অন্তত একটি পটকা ফোটানো ঠিক আছে, তাহলে তার কাছে সেটি জীবনবিরোধী, স্বাস্থ্যবিরোধী এবং হ্যাঁ, দেশবিরোধী বলেই মনে হয়।
নিজের বক্তব্যের শেষে তিনি বলেন, নিজের ও সন্তানদের স্বাস্থ্য সুরক্ষার সিদ্ধান্ত আমাদের নিজেদেরই নিতে হবে। তাই সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।
সোনি রাজদানের এই মন্তব্য এসেছে অভিনেত্রী দিয়া মির্জার আতশবাজিমুক্ত দীপাবলি উদ্যাপনের আহ্বান ঘিরে বিতর্কের এক দিন পর।
সম্প্রতি মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) অভিনেত্রী দিয়া মির্জাকে নিয়ে তৈরি দূষণমুক্ত দীপাবলি উদ্যাপনের সচেতনতামূলক একটি ভিডিও সরিয়ে দেয়। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আপত্তির পর ভিডিওটি সরানো হয়েছিল।
এ ঘটনায় বোম্বে হাইকোর্ট মুম্বাইয়ের পৌর কর্তৃপক্ষকে ভিডিওটি পুনরায় প্রকাশের নির্দেশ দেন। আদালত বলেন, পরিবেশদূষণ একটি জনস্বাস্থ্যসংক্রান্ত বিষয়। ধর্ম কিংবা বর্ণনির্বিশেষে প্রত্যেক মানুষ একই বাতাসে শ্বাস নেয়। তাই এ বিষয়ে সচেতনতা তৈরির উদ্যোগকে অন্য বিতর্কের সঙ্গে জড়ানো উচিত নয়।
ভিডিওটিতে দিয়া মির্জা ছাড়াও বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত ও ক্রিকেটার অজিঙ্কা রাহানেসহ কয়েকজন পরিচিত মুখ অংশ নিয়েছিলেন। তবে অন্যদের বক্তব্য রেখে শুধু দিয়া মির্জার অংশটি সরিয়ে দেওয়া হয়েছিল।
দিয়া মির্জা এর প্রতিক্রিয়ায় বলেন, বায়ুদূষণ জনস্বাস্থ্যের বিষয়। দূষণ কমাতে নেওয়া প্রতিটি উদ্যোগই সবার জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এদিকে সোনি রাজদানের মন্তব্যের পর তার ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বিভাগ বন্ধ করে দিয়েছেন।

