সবচেয়ে কম সময় রোজা পালন হবে যেসব দেশে
Advertisement
ইসলাম ও জীবন ডেস্ক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম
রোজার সময় দেশভেদে ভিন্ন হয়। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
রমজান মাসে রোজা পালনের সময়কাল নির্ধারিত হয় ফজরের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের ওপর ভিত্তি করে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ভিন্ন হওয়ায় রোজার দৈর্ঘ্যও দেশভেদে পরিবর্তিত হয়। চলতি বছরে কোন কোন দেশে সবচেয়ে কম সময় রোজা পালন করতে হবে- এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, যেসব দেশ ভৌগোলিকভাবে বিষুবরেখার কাছাকাছি কিংবা দক্ষিণ গোলার্ধে অবস্থিত, সেখানে দিনের দৈর্ঘ্য তুলনামূলকভাবে কম বা প্রায় সমান থাকে। এর ফলে এসব অঞ্চলে রোজার সময়ও স্বাভাবিকভাবেই কম হয়ে থাকে।
২০২৬ সালের রমজানে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, দক্ষিণ আফ্রিকা, চিলি ও নিউজিল্যান্ডের বিভিন্ন এলাকায় রোজার সময়কাল সাধারণত ১১ থেকে ১৩ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে বিষুবীয় অঞ্চলের দেশগুলো যেমন- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও কেনিয়ায় দিনের দৈর্ঘ্য সময় প্রায় সারা বছরই স্থিতিশীল থাকে। ফলে এসব দেশে রোজার সময় সাধারণত ১২ থেকে ১৪ ঘণ্টার মধ্যেই সীমাবদ্ধ থাকে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজার সময়কাল থাকে মাঝামাঝি পর্যায়ের। উদাহরণ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ২০২৬ সালের রমজানের প্রথম দিনে রোজার সময় প্রায় ১২ ঘণ্টা ৪৬ মিনিট হতে পারে। এটি গত বছরের প্রথম দিনের তুলনায় প্রায় ৩০ মিনিট কম। যদিও মাসের শেষের দিকে রোজার সময় কিছুটা বাড়ে, তবে শুরু ও শেষের সময়ের পার্থক্য সাধারণত কয়েক মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
বিশেষজ্ঞরা বলছেন, রমজান মাস প্রতি বছর এগিয়ে আসার ফলে যখন এটি শীতকালীন সময়ের কাছাকাছি পড়ে, তখন উত্তর গোলার্ধের অনেক দেশেও রোজার সময় তুলনামূলকভাবে কমে আসে।

