Logo
Logo
×
   

ইসলাম ও জীবন

কাবা শরিফের ইমামের হৃদয়স্পর্শী আহ্বান

দৃষ্টিশক্তি মহান আল্লাহর অমূল্য নেয়ামত

Icon

ইসলাম ও জীবন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১০:১৩ পিএম

দৃষ্টিশক্তি মহান আল্লাহর অমূল্য নেয়ামত

শায়খ ইয়াসির আল-দোসারি। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে আল্লাহ তাআলার অগণিত নেয়ামতের মধ্যে দৃষ্টিশক্তি অন্যতম শ্রেষ্ঠ। এই চোখ দিয়েই মানুষ আল্লাহর সৃষ্টি অবলোকন করে, কুরআন তিলাওয়াত করে, সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয় করে এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করার শিক্ষা গ্রহণ করে। কিন্তু এই মহান নেয়ামতের যথাযথ ব্যবহার না করে যদি তা গুনাহ, অশ্লীলতা ও প্রলোভনের পথে ব্যয় করা হয়, তবে তা মানুষের ইমান ও আত্মিক প্রশান্তির জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

সম্প্রতি পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় কাবা শরিফের ইমাম মুসলিম উম্মাহর প্রতি দৃষ্টিশক্তির নেয়ামতের কৃতজ্ঞতা আদায়, দৃষ্টি সংযম এবং আধুনিক যুগের নানা ফিতনা থেকে নিজেকে রক্ষা করার গুরুত্বপূর্ণ আহ্বান জানিয়েছেন।

দৃষ্টিশক্তির নেয়ামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশের আহ্বান

পবিত্র মসজিদের ইমাম শায়খ ইয়াসির আল-দোসারি জুমার খুতবায় দৃষ্টিশক্তির নেয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, এই অমূল্য নেয়ামতের সঠিক, দায়িত্বশীল ও আল্লাহভীরুতার সঙ্গে ব্যবহার করা প্রতিটি মুসলমানের কর্তব্য। পাশাপাশি তিনি দৃষ্টি সংযমের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি সতর্ক করে বলেন, আধুনিক প্রযুক্তি, স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের মাধ্যমে মানুষ প্রতিনিয়ত নানা লোভ, লালসা ও প্রলোভনের মুখোমুখি হচ্ছে। এসব অনিয়ন্ত্রিতভাবে গ্রহণ করলে মানুষের আত্মিক প্রশান্তি নষ্ট হয়, হৃদয় কলুষিত হয় এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দুর্বল হয়ে পড়ে।

তিনি আরও বলেন, যে ব্যক্তি নিজের দৃষ্টিকে সংযত রাখতে পারে, সে নিজের মূল্যবোধ, চরিত্র ও ইমানকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়। এর ফলে অন্তরে প্রশান্তি আসে এবং আত্মিক শক্তি ও আল্লাহভীতি আরও বৃদ্ধি পায়।

ইমানে অটল থাকার আহ্বান

এর আগের জুমায় মক্কার মসজিদুল হারামের খতিব শায়খ আব্দুল আজিজ বান্দার বালিলা মুসলিমদের উদ্দেশে বলেন, চারপাশে যতই পরীক্ষা, সংকট ও সংশয় থাকুক না কেন, ইমানের ওপর দৃঢ়ভাবে অবিচল থাকাই একজন মুমিনের মুক্তি ও নাজাতের একমাত্র পথ।

তিনি বলেন, ইমানকে শক্তিশালী রাখার জন্য সর্বদা আল্লাহর কাছে দোয়া করতে হবে, কুরআন গভীরভাবে বুঝে পড়তে হবে এবং নবী-রাসুলদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ তাদের জীবনই ধৈর্য, ত্যাগ, ইমান ও আল্লাহর ওপর ভরসার সর্বোত্তম দৃষ্টান্ত।

খুতবায় তিনি আরও বলেন, ফিতনা ও কঠিন সময় মোকাবিলায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কুরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে ধৈর্য, প্রজ্ঞা ও তাকওয়ার সঙ্গে প্রতিটি পরিস্থিতির মোকাবিলা করতে হবে।

দৃষ্টিশক্তি শুধু দেখার একটি মাধ্যম নয়; এটি আল্লাহর পক্ষ থেকে অমূল্য এক আমানত। এই নেয়ামতের যথাযথ ব্যবহার, দৃষ্টি সংযম এবং গুনাহ থেকে নিজেকে রক্ষা করা একজন মুমিনের ইমানকে আরও দৃঢ় করে এবং অন্তরে প্রশান্তি এনে দেয়। একই সঙ্গে জীবনের প্রতিটি পরীক্ষা ও সংকটে কুরআন-সুন্নাহকে আঁকড়ে ধরা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এবং ইমানের ওপর অবিচল থাকা দুনিয়া ও আখিরাতের সফলতার অন্যতম চাবিকাঠি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দেওয়া প্রতিটি নেয়ামতের কৃতজ্ঞতা আদায় করার, দৃষ্টিশক্তিকে কল্যাণের পথে ব্যবহার করার এবং সব ধরনের ফিতনা থেকে ইমানের সঙ্গে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন। আমিন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম