শীতে ত্বক সমস্যায় পাকা টমেটোর ব্যবহার
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৭ পিএম
ত্বকের যত্নে টমেটো। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
শীতের মৌসুমে ত্বকের যত্ন নেওয়া নিয়ে দুশ্চিন্তার শেষ থাকে না। ত্বক শুষ্ক হয়ে যাওয়া, রোদে পোড়া ভাব, নিস্তেজতা কিংবা ব্রণ— সব মিলিয়ে ঝামেলা যেন বেড়েই যায়। তবে হাতের কাছে যদি থাকে পাকা, টুকটুকে লাল টমেটো, তাহলে ত্বক নিয়ে বাড়তি ভাবনার কিছু নেই। শীতের রোদেও যে ত্বক পুড়ে যেতে পারে, তা অনেকেই টের পান না। বাইরে বের হয়ে রোদে দাঁড়িয়ে ফিরে এসে মন খারাপ করে বসে থাকার বদলে টমেটোর সহজ ব্যবহারেই মিলতে পারে সমাধান।
টমেটো এমন একটি সবজি, যা খাওয়ার পাশাপাশি ত্বকের যত্নেও দারুণ কার্যকর। সহজলভ্য এই প্রাকৃতিক উপাদানটি নানাভাবে ত্বকের সমস্যা দূর করতে সাহায্য করে।
সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা পেতে
রোদে পোড়া ত্বকের জ্বালা কমাতে ২ টেবিল চামচ টক দইয়ের সঙ্গে টমেটোর রস মিশিয়ে আক্রান্ত স্থানে লাগান। ১৫–২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া দুধের সরের সঙ্গে টমেটোর রস মিশিয়েও রোদে পোড়া দাগ কমাতে ত্বকে ব্যবহার করা যায়।
ত্বকের লাবণ্য ফিরে পেতে
ত্বকের হারানো উজ্জ্বলতা ফেরাতে মুলতানি মাটির সঙ্গে পুদিনাপাতা ও টমেটোর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট ত্বকে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর আলতো হাতে ম্যাসাজ করতে করতে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক গভীরভাবে পরিষ্কার হবে এবং সতেজ ভাব ফিরে আসবে।
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে
টমেটোর রসের সঙ্গে অল্প পরিমাণ হলুদের গুঁড়ো মিশিয়ে নিন। এর সঙ্গে চন্দনের গুঁড়ো যোগ করে একটি মিশ্রণ তৈরি করুন। এটি ত্বকে লাগিয়ে শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত।
ব্রণ দূর করতে
১ চা-চামচ ওটমিলের সঙ্গে টমেটো ও লেবুর রস ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ত্বকে ১৫–২০ মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। এরপর ত্বক ভালো করে মুছে নিয়ে তুলোর বল গোলাপজলে ভিজিয়ে টোনারের মতো ব্যবহার করুন। নিয়মিত ব্যবহারে ব্রণ ও ব্রণের দাগ ধীরে ধীরে কমে যাবে। শুষ্ক ত্বকের ক্ষেত্রে সবশেষে অবশ্যই ভালোভাবে ময়েশ্চারাইজ করতে হবে।
বলিরেখা কমাতে
বলিরেখা কমাতে এবং ত্বকের বয়সের ছাপ দূর করতে টমেটো পেস্ট তৈরি করুন। এই পেস্ট পুরো মুখে হালকা করে কয়েক মিনিট ম্যাসাজ করুন। এরপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ত্বক হবে আরও সতেজ, সুন্দর ও প্রাণবন্ত।
মৃত কোষ ঝরাতে ও ব্রণের দাগ দূর করতে
মরা কোষ দূর করতে টমেটোর পাল্প হাতে নিয়ে আলতো করে মুখে ম্যাসাজ করুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। অথবা টমেটো ভালোভাবে চটকে প্যাকের মতো মুখে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে ধীরে ধীরে ব্রণ ও ব্রণের দাগ কমে যাবে।
তৈলাক্ত ত্বক ও পোরসের সমস্যা কমাতে
একটি টমেটো কেটে দুই ভাগ করে এক অংশ দিয়ে মুখে ম্যাসাজ করতে থাকুন। কয়েক মিনিট ম্যাসাজ করার পর ১০–১৫ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব কমবে। এছাড়া টমেটোর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ১০–১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেললে নিয়মিত ব্যবহারে পোরস ধীরে ধীরে ছোট হতে সাহায্য করে।
বহারের আগে সতর্কতা জরুরি
টমেটো প্রাকৃতিক উপাদান হলেও এটি সবার ত্বকের জন্য সমানভাবে উপযোগী নাও হতে পারে। টমেটোতে থাকা অ্যাসিডিক উপাদানের কারণে কারও কারও ত্বকে র্যাশ, চুলকানি বা অ্যালার্জি দেখা দিতে পারে। তাই টমেটোর কোনো প্যাক ব্যবহারের আগে হাতের ত্বকে অল্প করে লাগিয়ে পরীক্ষা করে নিন। যদি কোনো জ্বালাপোড়া বা অস্বস্তি না হয়, তাহলেই তা মুখে ব্যবহার করুন। অন্যথায় এড়িয়ে চলাই ভালো।
সূত্র: ফেমিনা, হেলথ লাইন, বি বিউটিফুল ও অন্যান্য
