Logo
Logo
×
   

Advertisement

লাইফ স্টাইল

বারবার হাত থেকে ফোন পড়ে যাচ্ছে? হতে পারে যে সমস্যার লক্ষণ

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম

বারবার হাত থেকে ফোন পড়ে যাচ্ছে? হতে পারে যে সমস্যার লক্ষণ

ফাইল ছবি

Advertisement

মাঝেমধ্যে হাত থেকে ফোন পড়ে যাওয়া নিয়ে উদ্বেগের কিছু নেই। তবে নিয়মিত ফোন পড়ে যাওয়া, পোশাকের বোতাম লাগাতে সমস্যা হওয়া কিংবা হাতের লেখায় পরিবর্তন দেখা দিলে বিষয়টি শুধু অসাবধানতা বা হাতের দুর্বলতা বলে এড়িয়ে যাওয়া ঠিক নয়। এসব সমস্যার সঙ্গে হাত-পায়ে অসাড়তা, ঝিনঝিন ভাব ও হাঁটতে অসুবিধা থাকলে সমস্যাটি হাতের বদলে হতে পারে ঘাড়ে।

এই বিষয়ে বিশেষজ্ঞরা জানান, হাতের অস্বাভাবিক জড়তা বা দক্ষতা কমে যাওয়া মেরুদণ্ডের সমস্যার ইঙ্গিত হতে পারে।

‘সারভিক্যাল মায়েলোপ্যাথি’ কী?

চিকিৎসকদের মতে, ঘাড়ের অংশের মেরুদণ্ডে স্পাইনাল কর্ড বা সুষুম্নাকাণ্ড চাপের মুখে পড়লে ‘সারভিক্যাল মায়েলোপ্যাথি’ হয়। সুষুম্নাকাণ্ড মস্তিষ্ক ও হাত, বাহু, পা ও পায়ের পাতার মধ্যে সংকেত আদান-প্রদানের একটি গুরুত্বপূর্ণ পথ। এতে চাপ পড়লে শরীরের নড়াচড়া, সমন্বয় ও অনুভূতির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। সাধারণত বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আর্থ্রাইটিস, হাড়ের অতিরিক্ত বৃদ্ধি, লিগামেন্ট মোটা হয়ে যাওয়া এবং ডিস্ক ফুলে ওঠার মতো পরিবর্তনের কারণে ধীরে ধীরে এই চাপ তৈরি হতে পারে।

যেসব লক্ষণ উপেক্ষা করবেন না

চিকিৎসকরা বলেন, প্রাথমিক লক্ষণগুলোর একটি হলো হাতের জড়তা। এতে মানুষ আগের তুলনায় বেশি জিনিস ফেলে দিতে পারেন। চাবি, বোতাম, গয়না ধরতে বা পরতে এবং টাইপ করতেও সমস্যা হতে পারে। আঙুল, হাত বা বাহুতে অসাড়তা কিংবা ঝিনঝিন ভাব দেখা দিতে পারে।

এ ছাড়া হাঁটার সময় শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে। পা ভারী ও শক্ত মনে হওয়া, বারবার হোঁচট খাওয়া কিংবা হাঁটার সময় দেয়াল ধরে চলার প্রয়োজন হতে পারে। ঘাড় শক্ত হয়ে যেতে পারে। তবে সব ক্ষেত্রে তীব্র ঘাড়ের ব্যথা থাকতেই হবে, এমন নয়।

যেভাবে রোগ নির্ণয় করা হয়

প্রথমে চিকিৎসক বা স্পাইন বিশেষজ্ঞরা রোগীর বিস্তারিত ইতিহাস নেন এবং স্নায়বিক পরীক্ষা করেন। এরপর প্রয়োজন হলে সারভিক্যাল স্পাইনের এমআরআই করা হয়। এর মাধ্যমে মেরুদণ্ডের ভেতরের জায়গা, ডিস্ক ও স্পাইনাল কর্ড পরীক্ষা করে কোথাও চাপ রয়েছে কি না, তা দেখা যায়।

চিকিৎসা নির্ভর করে সমস্যার কারণ ও তীব্রতার ওপর। কারও ক্ষেত্রে নিয়মিত পর্যবেক্ষণ বা অস্ত্রোপচার ছাড়া চিকিৎসাই যথেষ্ট হতে পারে। তবে স্পাইনাল কর্ডে উল্লেখযোগ্য চাপ থাকলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

কেন দ্রুত চিকিৎসা জরুরি

দীর্ঘ সময় ধরে স্পাইনাল কর্ডে চাপ থাকলে স্নায়ুর ক্ষতি হতে পারে। চাপ অব্যাহত থাকলে কিছু স্নায়বিক ক্ষতি স্থায়ীও হয়ে যেতে পারে এবং সময়ের সঙ্গে লক্ষণ আরও গুরুতর হতে পারে।

তাই হাতের জড়তা, ভারসাম্যের সমস্যা, অসাড়তা, ঝিনঝিন ভাব বা দুর্বলতাকে শুধু বয়স বাড়ার স্বাভাবিক প্রভাব মনে করে এড়িয়ে যাওয়া উচিত নয়। 

মাঝেমধ্যে হাত থেকে ফোন পড়ে যাওয়া সাধারণত উদ্বেগের কারণ নয়। তবে নিয়মিত এমন হলে কিংবা ভারসাম্য, অনুভূতি ও শারীরিক শক্তিতে পরিবর্তন দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। দ্রুত লক্ষণ শনাক্ত করা গেলে স্পাইনাল কর্ডের ক্ষতি গুরুতর পর্যায়ে যাওয়ার আগেই সারভিক্যাল মায়েলোপ্যাথি শনাক্ত ও চিকিৎসা করা সম্ভব হতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম