গলায় ফোলা মানেই কি থাইরয়েড? যেসব লক্ষণে সতর্ক হবেন
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম
|
ফলো করুন |
|
|---|---|
গলার সামনে হঠাৎ ফোলা, ঘাড়ে ছোট গুটি বা স্বরের পরিবর্তন হলেই অনেকেই প্রথমে ধরে নেন যে, এটি থাইরয়েডের সমস্যা। তবে এসব লক্ষণের পেছনে থাকতে পারে একাধিক কারণ। তাই শুধু লক্ষণ দেখে নিজে থেকে রোগ নির্ধারণ করা ঠিক নয়।
থাইরয়েড গ্রন্থি গলার সামনের নিচের অংশে থাকা প্রজাপতির মতো আকৃতির একটি গুরুত্বপূর্ণ গ্রন্থি। এটি শরীরের বিপাকক্রিয়া, শক্তিব্যবহারসহ বিভিন্ন শারীরিক কার্যক্রম নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এই গ্রন্থিতে অস্বাভাবিক কোষ বৃদ্ধি পেলে গুটি তৈরি করতে পারে, যাকে বলা হয় থাইরয়েড নডিউল বা গুটি।
তবে সব থাইরয়েডের গুটি বিপজ্জনক নয়। অনেক ক্ষেত্রে এগুলো ক্ষতিকর না হলেও নতুন কোনো গুটি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
গলায় গুটি হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে
* গলার সামনে ফোলা বা ভারি অনুভূতি
* ঘাড়ে শক্ত বা ছোট ছোট গুটি অনুভব হওয়া
* হঠাৎ স্বরের রিবর্তন বা ভেঙে যাওয়া
* খাবার বা পানি গিলতে অস্বস্তি
* গলায় চাপ লাগার অনুভূতি
* বড় গুটি হলে শ্বাস নিতে কষ্ট হওয়া
তবে ঘাড়ে গুটি মানেই যে থাইরয়েডের সমস্যা, তা নয়। অনেক সময় সর্দি-কাশি , সংক্রমণ বা অন্য কোনো কারণে ঘাড়ের অসিকা গ্রন্থি (লিম্ফ নোড) ফুলে গেলেও ছোট ছোট গুটির মতো অনুভূত হতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?
নিচের যেকোনো একটি লক্ষণ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত-
* গুটি দ্রুত বড় হতে থাকলে
* দীর্ঘদিন ধরে গুটি একই অবস্থায় থাকলে
* গুটি শক্ত মনে হলে
* স্বরের পরিবর্তন দীর্ঘস্থায়ী হলে
* খাবার গিলতে বা শ্বাস নিতে সমস্যা হলে
চিকিৎসক প্রয়োজন অনুযায়ী শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, গলার আলট্রাসনোগ্রাম এবং অন্যান্য সমস্যার কারণ নির্ধারণ করতে পারেন।
আতঙ্ক নয়, সচেতনতা জরুরি
গলায় নতুন কোনো ফোলা বা গুটি দেখা দিলে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ অনেক ক্ষেত্রেই এর কারণ সাধারণ হতে পারে। তবে অবহেলা করাও ঠিক নয়। সঠিক কারণ জানতে সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ।
