ধোঁয়া ওঠা গরম চা পান করেন? জানুন অজান্তেই যে বিপদ ডাকছেন
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সকালের শুরুতে এক কাপ চা, কাজের ফাঁকে চায়ের বিরতি কিংবা বৃষ্টির দিনে ধোঁয়া ওঠা চায়ে চুমুক—অনেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে চা পানের সময় এর তাপমাত্রার দিকে নজর রাখা জরুরি। কারণ, নিয়মিত অতিরিক্ত গরম চা বা অন্য কোনো পানীয় পান করার সঙ্গে খাদ্যনালির ক্যানসারের ঝুঁকির সম্পর্ক রয়েছে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
অতিরিক্ত গরম চা শরীরের কী ক্ষতি করে?
চা, কফি কিংবা স্যুপ—যে পানীয়ই হোক, অতিরিক্ত গরম অবস্থায় পান করলে মুখ, গলা ও খাদ্যনালির ভেতরের সংবেদনশীল আবরণে তাপজনিত ক্ষতি হতে পারে। খাদ্যনালি হলো মুখ থেকে পাকস্থলী পর্যন্ত বিস্তৃত নল, যার মধ্য দিয়ে খাবার ও পানীয় পাকস্থলীতে পৌঁছায়।
হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে পরামর্শক ক্লিনিক্যাল অনকোলজিস্ট চিকিৎসক সপ্তর্ষি ঘোষ জানিয়েছেন, অত্যন্ত গরম পানীয় নিয়মিত পান করলে খাদ্যনালির ভেতরের আবরণ বারবার তাপের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সমস্যা শুধু চায়ের ক্ষেত্রে নয়; অতিরিক্ত গরম কফি, স্যুপ কিংবা অন্যান্য পানীয়ের ক্ষেত্রেও প্রযোজ্য।
কীভাবে বাড়তে পারে ক্যানসারের আশঙ্কা?
খাদ্যনালির ভেতরের আবরণ বারবার ক্ষতিগ্রস্ত হলে শরীর সেই ক্ষতি সারিয়ে তুলতে নতুন কোষ তৈরি করে। দীর্ঘদিন ধরে এই আঘাত ও কোষ মেরামতের প্রক্রিয়া চলতে থাকলে কোষের স্বাভাবিক কার্যক্রমে পরিবর্তন আসার আশঙ্কা থাকে। দীর্ঘমেয়াদে এমন কিছু পরিবর্তন ক্যানসার সৃষ্টির প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।
তবে একবার গরম চা পান করলেই ক্যানসার হবে, বিষয়টি এমন নয়। মূল উদ্বেগ হলো দীর্ঘদিন ধরে নিয়মিত অত্যন্ত গরম পানীয় পান করার অভ্যাস।
এ ছাড়া খাদ্যনালির ক্যানসারের অন্যান্য গুরুত্বপূর্ণ ঝুঁকির মধ্যে রয়েছে তামাকের ব্যবহার ও অ্যালকোহল গ্রহণ। তাই ঝুঁকি কমাতে পানীয়ের তাপমাত্রার পাশাপাশি জীবনযাপনের অন্যান্য অভ্যাসের দিকেও নজর দেওয়া প্রয়োজন।
কতটা গরম চা পান করা উচিত নয়?
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ৬০ থেকে ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার পানীয় এড়িয়ে চলা ভালো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার গবেষণা সংস্থা আইএআরসিও ৬৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় পান করা পানীয়কে খাদ্যনালির ক্যানসারের সম্ভাব্য ঝুঁকির সঙ্গে যুক্ত করেছে।
চা তৈরির পরপরই পান না করে কয়েক মিনিট অপেক্ষা করলে তাপমাত্রা কমে আসে। চা পান করার সময় মুখ বা গলায় জ্বালাপোড়া কিংবা পোড়ার অনুভূতি হলে বুঝতে হবে, সেটি আরও ঠান্ডা করা প্রয়োজন।
তবে শুধু চায়ের ওপর ধোঁয়া উঠছে কি না, তা দেখে সঠিক তাপমাত্রা বোঝা যায় না। তাই আরামদায়ক তাপমাত্রায় আসার পরই পান করা ভালো।
চা পানের অভ্যাসে আনুন ৪টি পরিবর্তন
চা তৈরি করেই পান করবেন না: কাপের মধ্যে ঢেলে কয়েক মিনিট অপেক্ষা করুন, যাতে চা কিছুটা ঠান্ডা হয়।
প্রথম চুমুক দেওয়ার আগে সতর্ক থাকুন: চা অতিরিক্ত গরম মনে হলে পান না করে আরও কিছুক্ষণ অপেক্ষা করুন।
অন্য পানীয়ের ক্ষেত্রেও একই নিয়ম মানুন: কফি, স্যুপ কিংবা অন্যান্য গরম তরল খাবারও আরামদায়ক তাপমাত্রায় এনে পান করুন।
ক্যানসারের অন্যান্য ঝুঁকি কমান: তামাক পরিহার করুন এবং অ্যালকোহল এড়িয়ে চলুন।
চা পান করা নিজেই সমস্যার কারণ নয়; বরং নিয়মিত অতিরিক্ত গরম অবস্থায় পান করাই উদ্বেগের বিষয়। তাই প্রিয় চায়ের স্বাদ উপভোগ করতে গিয়ে তাড়াহুড়া না করে কয়েক মিনিট অপেক্ষা করুন। এই ছোট অভ্যাস খাদ্যনালিকে বারবার তাপজনিত আঘাত থেকে রক্ষা করতে এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি কমাতে সাহায্য করতে পারে।

