শুধু ক্লান্তি বা ওজন বৃদ্ধি নয়, থাইরয়েডের সমস্যায় বাড়তে পারে উচ্চ রক্তচাপ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
|
ফলো করুন |
|
|---|---|
অতিরিক্ত ক্লান্তি, ওজন বেড়ে যাওয়া কিংবা ত্বক শুষ্ক হয়ে যাওয়াকে অনেকেই সাধারণ শারীরিক সমস্যা মনে করেন। তবে এসব উপসর্গ হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, থাইরয়েড হরমোনের ঘাটতি শুধু শরীরের বিপাকক্রিয়ায় নয়, হৃদযন্ত্র ও রক্তচাপের ওপরও প্রভাব ফেলতে পারে। এমনকি এর সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্কও রয়েছে।
গলার সামনের দিকে অবস্থিত থাইরয়েড গ্রন্থি শরীরের বিপাকক্রিয়া, হৃদস্পন্দন ও রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই গ্রন্থি থেকে প্রয়োজনীয় হরমোন কম নিঃসৃত হলে শরীরের বিভিন্ন কার্যক্রম ধীর হয়ে যায়। এর প্রভাব পড়ে হৃদযন্ত্র ও রক্তনালীর ওপর। ফলে কিছু ক্ষেত্রে রক্তচাপ বেড়ে যেতে পারে।
উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন এমন একটি অবস্থা, যেখানে দীর্ঘ সময় ধরে রক্তনালীর দেয়ালে স্বাভাবিকের তুলনায় বেশি চাপ পড়ে। সময়মতো নিয়ন্ত্রণ করা না গেলে হৃদরোগ, স্ট্রোক ও কিডনির সমস্যার ঝুঁকি বাড়তে পারে।
বিশেষজ্ঞদের দাবি, উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের একটি উল্লেখযোগ্য অংশের থাইরয়েডের সমস্যাও থাকতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে, স্বাভাবিক রক্তচাপের মানুষের তুলনায় উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের হাইপোথাইরয়েডিজমের ঝুঁকি প্রায় তিন গুণ বেশি। বয়স বাড়ার সঙ্গে এই সম্পর্ক আরও জোরালো হতে পারে।
হাইপোথাইরয়েডিজম হৃদযন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে। এতে হৃদস্পন্দন ধীর হওয়ার পাশাপাশি রক্তচাপও বেড়ে যেতে পারে। তবে যথাযথ চিকিৎসার মাধ্যমে থাইরয়েড হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনা গেলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা এবং হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখাও সম্ভব। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, তাদের শরীরে থাইরয়েডের সমস্যার লক্ষণ আছে কি না, সেদিকে বিশেষ নজর দেওয়া উচিত।
বিশেষ করে হঠাৎ ওজন বেড়ে যাওয়া, অতিরিক্ত ক্লান্তি, ত্বক শুষ্ক হয়ে যাওয়া, চুল পড়া, কোষ্ঠকাঠিন্য কিংবা সবসময় ঠান্ডা অনুভব করার মতো সমস্যা দেখা দিলে থাইরয়েড পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছেন তিনি।
চিকিৎসকদের মতে, এসব উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সময়মতো থাইরয়েডের সমস্যা শনাক্ত ও চিকিৎসা করা গেলে উচ্চ রক্তচাপসহ অন্যান্য জটিলতার ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা সহজ হতে পারে।

