বাসি ফুল ফেলে না দিয়ে যেভাবে কাজে লাগাবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
উৎসব শেষে শুকিয়ে যাওয়া ফুল, ছিঁড়ে যাওয়া মালা কিংবা ঝরে পড়া পাপড়ি জমতে থাকে বাড়ির এক কোণে। বেশির ভাগ মানুষই সেগুলি ফেলে দেন। কিন্তু জানেন কি, এই ফেলে দেওয়া ফুল দিয়েই বাড়ির নানা কাজে লাগার মতো জিনিস তৈরি করা সম্ভব?
১। বাড়িতে যদি গাছ থাকে, তা হলে শুকনো ফুল ফেলে না দিয়ে সেগুলি দিয়ে তৈরি করতে পারেন জৈব সার। ফুলের পাপড়ি ছোট ছোট করে ছিঁড়ে কম্পোস্টের পাত্রে অন্যান্য জৈব বর্জ্যের সঙ্গে মিশিয়ে দিন। কিছু দিন পর সেগুলি পচে প্রাকৃতিক সারে পরিণত হবে। এই সার গাছের মাটির উর্বরতা বাড়াতে সাহায্য করতে পারে। তবে ফুলের সঙ্গে প্লাস্টিকের সুতো, ফিতে বা অন্য কোনও কৃত্রিম উপাদান যেন না থাকে।
২. শুকনো ফুলের পাপড়ি দিয়ে তৈরি করুন পটপৌরি। গোলাপ, গাঁদা-সহ সুগন্ধি ফুলের পাপড়ি ভালো করে শুকিয়ে নিন। তার সঙ্গে দারচিনি, লবঙ্গ কিংবা শুকনো লেবুর খোসা মিশিয়ে একটি সুন্দর পাত্রে রেখে দিন। চাইলে কয়েক ফোঁটা সুগন্ধি এসেনশিয়াল অয়েলও দিতে পারেন। ঘরের কোণে কিংবা ড্রয়িংরুমে রাখলে ছড়াবে মনোরম সুবাস।
৩. শুকনো ফুলের পাপড়ি দিয়ে তৈরি করতে পারেন সুন্দর ডেকরেটিভ মোমবাতি। সাধারণ মোমবাতির বাইরের দিকে ফুলের নকশা ব্যবহার করে সাজিয়ে তুলতে পারেন। তবে মনে রাখবেন, শুকনো ফুল দাহ্য। তাই ফুলের পাপড়ি মোমবাতির সলতের কাছাকাছি রাখবেন না এবং জ্বালানো অবস্থায় এমন মোমবাতি কখনও অযত্নে ফেলে রাখবেন না।
৪. গাঁদা ফুলের পাপড়ি থেকে হলুদ বা কমলা আভাযুক্ত রং পাওয়া যায়। পাপড়ি পানিতে ফুটিয়ে সেই পানি ছেঁকে নিতে পারেন। এই রং কাগজের কাজ, বিভিন্ন হস্তশিল্প কিংবা ডেকরেশনে ব্যবহার করা যেতে পারে।
৫. শুকনো ফুলের পাপড়ি দিয়ে তৈরি করতে পারেন নানা রকমের হোম ডেকর সামগ্রী। যেমন—ফুলের পাপড়ি দিয়ে ফটোফ্রেম সাজানো, কাচের পাত্রে শুকনো ফুল রেখে টেবিল ডেকর তৈরি কিংবা হাতে তৈরি গ্রিটিং কার্ডে ফুলের পাপড়ি ব্যবহার করা। চাইলে শুকনো ফুল দিয়ে ছোটখাটো ওয়াল হ্যাঙ্গিংও বানিয়ে নিতে পারেন।
