Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

অতিরিক্ত মোবাইল-টিভি দেখলে শিশুর হৃদরোগের ঝুঁকি বাড়ে?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম

অতিরিক্ত মোবাইল-টিভি দেখলে শিশুর হৃদরোগের ঝুঁকি বাড়ে?

Advertisement

শিশুর হাতে মোবাইল, সামনে টেলিভিশন কিংবা ট্যাব। কার্টুন, ভিডিও গেম আর রিলসে ঘণ্টার পর ঘণ্টা কাটছে তাদের সময়। অভিভাবকদের কাছে এটি শিশুকে ব্যস্ত রাখার সহজ উপায় হলেও অতিরিক্ত স্ক্রিন-নির্ভরতা নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। কারণ, দীর্ঘ সময় স্ক্রিনে চোখ রাখার অভ্যাস শিশুর শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি হৃদ্যন্ত্রের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণায় শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের সঙ্গে হৃদ্স্বাস্থ্য ও বিপাকক্রিয়াসংক্রান্ত নানা ঝুঁকির সম্পর্ক উঠে এসেছে। দীর্ঘ সময় বসে থাকা, শারীরিক পরিশ্রম কমে যাওয়া এবং ঘুমের ব্যাঘাতের কারণে শিশুদের স্থূলতা, কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এসব বিষয় দীর্ঘ মেয়াদে হৃদ্রোগ ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

স্ক্রিন-টাইম যেভাবে ক্ষতি করে হৃদ্যন্ত্রের

অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের কারণে শিশুদের মধ্যে কার্ডিওমেটাবলিক ঝুঁকি তৈরি হতে পারে। এর মধ্যে রয়েছে হৃদ্যন্ত্র ও বিপাকক্রিয়াসংক্রান্ত বিভিন্ন সমস্যা। চিকিৎসকদের মতে, এ ধরনের ঝুঁকি কয়েকটি কারণে বাড়তে পারে।

প্রথমত, দীর্ঘ সময় মোবাইল বা টেলিভিশন দেখার ফলে শিশুরা শারীরিকভাবে নিষ্ক্রিয় হয়ে পড়ে। খেলাধুলা ও শরীরচর্চার সময় কমে যাওয়ায় ওজন বাড়তে পারে। স্থূলতা হৃদ্যন্ত্রের ওপর বাড়তি চাপ তৈরি করে এবং ভবিষ্যতে হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়।

দ্বিতীয়ত, স্ক্রিনের আলো ও দীর্ঘ সময় ডিজিটাল ডিভাইস ব্যবহারের কারণে ঘুমের স্বাভাবিক ছন্দ ব্যাহত হতে পারে। বিশেষ করে রাতে মোবাইল বা টিভি দেখলে ঘুমের জন্য প্রয়োজনীয় মেলাটোনিন হরমোনের নিঃসরণে প্রভাব পড়তে পারে। ঘুমের ঘাটতি শিশুর আচরণ, মনোযোগ ও বিপাকক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তৃতীয়ত, স্ক্রিনে আসক্তির কারণে শিশুদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আসতে পারে। দীর্ঘ সময় বসে থেকে খাওয়া, অস্বাস্থ্যকর খাবারের প্রতি ঝোঁক এবং শারীরিক পরিশ্রমের অভাব ওজন ও বিপাকক্রিয়াসংক্রান্ত সমস্যা বাড়াতে পারে।

কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হেলথের শিশুরোগ বিশেষজ্ঞ প্রিয়ঙ্কর পালের মতে, শিশুরা এখন খেলাধুলা বা ছবি আঁকার মতো কাজে সময় দিতে পারছে না। স্কুলের পড়াশোনা ও নানা কাজের বাইরে তাদের অবসর সময়ের বড় অংশ কাটছে মোবাইলে কার্টুন বা ভিডিও গেম দেখে। এর ফলে স্থূলতা বাড়ছে, হজমশক্তি কমছে এবং শরীর নিষ্ক্রিয় হয়ে পড়ছে। এসব বিষয় পরোক্ষভাবে হৃদ্যন্ত্রের ক্ষতি করতে পারে।

শিশুরা কতক্ষণ স্ক্রিন দেখতে পারবে?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, ছোট শিশুদের স্ক্রিন ব্যবহারে বয়সভিত্তিক সীমা মেনে চলা জরুরি। বিশেষ করে দুই বছরের কম বয়সি শিশুদের স্ক্রিন থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। এক থেকে দুই বছর বয়সে স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রে কড়াকড়ি থাকা প্রয়োজন। দুই থেকে পাঁচ বছর বয়সি শিশুদের ক্ষেত্রে দিনে এক ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার না করার পরামর্শ রয়েছে।

তবে শুধু সময়ের হিসাব নয়, শিশু কী দেখছে, কখন দেখছে এবং এর কারণে খেলাধুলা, ঘুম ও অন্যান্য স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় একটানা স্ক্রিন দেখার অভ্যাস এড়িয়ে চলা উচিত।

শিশুর স্ক্রিন-আসক্তি কমাবেন যেভাবে

চিকিৎসকদের মতে, শিশুকে শান্ত রাখতে বা খাওয়ানোর সময় মোবাইলে কার্টুন চালিয়ে দেওয়ার অভ্যাস পরিহার করা উচিত। ছোটবেলা থেকেই তাকে স্বাভাবিক খেলাধুলা ও অন্যান্য কাজে অভ্যস্ত করতে হবে।

শিশুকে বাইরে খেলাধুলার সুযোগ দিতে হবে। বাইরে যাওয়া সম্ভব না হলে ঘরেই এমন খেলার আয়োজন করা যেতে পারে, যাতে তার শারীরিক পরিশ্রম হয়। বয়স অনুযায়ী হালকা ব্যায়াম ও স্ট্রেচিংয়ের অভ্যাসও গড়ে তোলা যেতে পারে।

শিশুর সামাজিক বিকাশের জন্য অন্য শিশু ও পরিবারের সদস্যদের সঙ্গে মেলামেশার সুযোগ তৈরি করা জরুরি। পাশাপাশি ছবি আঁকা, বই পড়া, পাজল সমাধান কিংবা বাগান করার মতো কাজে তাকে উৎসাহিত করা যেতে পারে। এসব কাজে অভিভাবকেরাও অংশ নিলে শিশুর আগ্রহ বাড়বে।

শিশুর শোয়ার ঘরে টেলিভিশন, মোবাইল বা অন্য কোনো ডিজিটাল গ্যাজেট না রাখাই ভালো। ঘুমের আগে স্ক্রিন ব্যবহার বন্ধ রাখার অভ্যাসও গড়ে তুলতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিভাবকদের নিজেদেরও স্ক্রিন ব্যবহারে সচেতন হতে হবে। কারণ, শিশুরা বড়দের আচরণ অনুকরণ করে। মা-বাবা যদি সারাক্ষণ মোবাইলে ব্যস্ত থাকেন, তাহলে শিশুকে স্ক্রিন থেকে দূরে রাখা কঠিন। তাই শিশুর সুস্থ বিকাশ ও হৃদ্স্বাস্থ্য রক্ষায় ছোটবেলা থেকেই স্ক্রিন ব্যবহারে নিয়ন্ত্রণ, পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তোলা জরুরি।

সূত্র: আনন্দবাজার

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গর্ভাবস্থায় মায়ের ভিটামিন সি কম গ্রহণে শিশুর জন্য ঝুঁকি

গর্ভাবস্থায় মায়ের ভিটামিন সি কম গ্রহণে শিশুর জন্য ঝুঁকি

ক্যানসারের ঝুঁকি বাড়ায় দৈনন্দিন জীবনের যে ভুলগুলো

ক্যানসারের ঝুঁকি বাড়ায় দৈনন্দিন জীবনের যে ভুলগুলো

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

বিয়েতে অনীহা? নেপথ্যে যে ৬ কারণ

টেস্টোস্টেরন নিয়ে পুরুষের দুশ্চিন্তা? বাড়ান ৮ উপায়ে

টেস্টোস্টেরন নিয়ে পুরুষের দুশ্চিন্তা? বাড়ান ৮ উপায়ে

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

বায়ুদূষণে ফুসফুসের বিপদ, বেশি ঝুঁকিতে যারা

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

কম টেস্টোস্টেরনের কারণে পুরুষের শরীরে দেখা দিতে পারে এই ৫ সমস্যা

আরও পড়ুন

অতিরিক্ত মোবাইল-টিভি দেখলে শিশুর হৃদরোগের ঝুঁকি বাড়ে?

অতিরিক্ত মোবাইল-টিভি দেখলে শিশুর হৃদরোগের ঝুঁকি বাড়ে?

নিজের যত্ন নেওয়াও কি এখন মানসিক চাপের কারণ হয়ে উঠছে?

নিজের যত্ন নেওয়াও কি এখন মানসিক চাপের কারণ হয়ে উঠছে?

অল্প বয়সেই কমছে হাড়ের ঘনত্ব, প্রতিরোধে যা করবেন

অল্প বয়সেই কমছে হাড়ের ঘনত্ব, প্রতিরোধে যা করবেন

আঙুলে যে ৫ ধরনের পরিবর্তন হতে পারে আর্থ্রাইটিসের লক্ষণ

আঙুলে যে ৫ ধরনের পরিবর্তন হতে পারে আর্থ্রাইটিসের লক্ষণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম