দুপুরে খাওয়ার পর অফিসে ঝিমুনি? চাঙা থাকুন এই উপায়ে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
দুপুরে খাওয়ার পরপরই ঘুম পায় অনেকেরই। খাওয়ার পর ঘুম ঘুম ভাব তৈরি হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। তবে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় লাঞ্চের পর থেকেই।
অফিসে লাঞ্চের পর ডেস্কে বসে ঝিমুনি শুরু হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অতিরিক্ত খাওয়ার কারণে ঘুম পায়। তাই যা খাবেন, সময় নিয়ে ধীরে ধীরে খান। যখন মনে হবে পেট ভরে গেছে, তখনই খাওয়া বন্ধ করুন। কারণ কাজ করতে করতে খেলে অনেক সময় বোঝা যায় না কতটুকু খেলেন। তাই খাওয়ার সময় কাজ বন্ধ রাখুন। দুপুরের খাবার বেশি খাওয়ার আরেকটি কারণ সকালের নাশতা না খাওয়অ। তাই সকালে একটি সুষম খাবার খান।
সাধারণত দুপুরের খাবারে শস্যজাতীয় কিংবা আঁশযুক্ত খাবার রাখা উচিত। বিরিয়ানি, পিৎজা, তেলেভাজা প্রভৃতি খাবারে তেল বা চর্বি বেশি থাকে, সেসব এড়িয়ে চলুন। এ ছাড়া প্রক্রিয়াজাত খাবার এবং কার্বোনেটেড নরম পানীয় এ সময় গ্রহণ না করাই ভালো।
আঁশযুক্ত সবুজ শাকসবজি আর সালাদ শরীরের জন্য যেমন উপকারী, ঠিক তেমনি রক্তের শর্করাকে ধীরে শোষিত হতে সাহায্য করে। ফলে দেহের ইনসুলিনের মাত্রা থাকে সহনশীল, যা আপনার ঘুম ঘুম ভাব দূর করে থাকে।
এ ছাড়া দুপুরে যখন খিদে তার অস্তিত্ব জানান দেয়, ঠিক তখন আমরা খাওয়ার জন্য প্রায়ই বাইরে থেকে এটা-ওটা অর্ডার করি, যার বেশিরভাগই হয় প্রক্রিয়াজাত শর্করা আর চর্বিযুক্ত খাবার। তাই বাড়িতে রান্না করা খাবার খাওয়াই স্বাস্থ্যকর। এ ছাড়া এই ভাতঘুম যদি হয় অফিসে দুপুরের খাবার শেষ করে, তাহলে তো মুশকিল! তখন কম্পিউটারের পর্দায় চোখ থাকলেও মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে।
আবার জরুরি কাজের চাপ থাকলেও শরীর যেন একটু বিশ্রাম চাইছে। অফিসে কর্মব্যস্ত দিনের এমন অভিজ্ঞতার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। তবে কিছু অভ্যাসে পরিবর্তন এনে দুপুরের এই ঝিমুনি অনেকটাই কমানো সম্ভব। কারণ ঝিমুনি কাটানোর আগে জানা দরকার এই ঘুম ঘুম ভাব তৈরি হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ কী?
মানুষের শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ অনুযায়ী দুপুরের দিকে সতর্কতা ও কর্মক্ষমতা কিছুটা কমে আসতে পারে। তাই এর সঙ্গে যুক্ত হয় রাতের অপর্যাপ্ত ঘুম, ভারি খাবার খাওয়া কিংবা দীর্ঘ সময় এক জায়গায় বসে কাজ করার মতো বিষয়।
অনেকেই আবার মনে করেন, ভাত খেলেই ঘুম পায়। তবে বিষয়টি পুরোপুরি সঠিক নয়। রাতের ঘুম ঠিক না হলে দুপুরের স্বাভাবিক ক্লান্তিও বেশি তীব্র মনে হতে পারে। আর ভাতে থাকা শর্করা শরীরের শক্তির অন্যতম উৎস। কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়া, খাবারে শর্করার আধিক্য এবং প্রোটিন ও আঁশের ভারসাম্য না থাকার কারণেও খাওয়ার পর ঝিমুনি অনুভূত হতে পারে।
সুতরাং দুপুরের খাবার পর ১০-১৫ মিনিট হালকা হাঁটুন। অফিসের করিডর, সিঁড়ির কাছের জায়গা কিংবা ভবনের আশপাশে স্বাভাবিক গতিতে হাঁটলেও উপকার পাওয়া সম্ভব। হালকা হাঁটাচলা শরীরকে সক্রিয় রাখতে সাহায্য করে থাকে। খাবারের পর কিছুটা হাঁটা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক হতে পারে। তবে খাওয়ার পরপরই ভারি ব্যায়াম করার প্রয়োজন নেই। স্বাভাবিক গতিতে হাঁটলেই যথেষ্ট।
