ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাডমিন্টন খেলতে খুব বেশি সরঞ্জামের প্রয়োজন হয় না। একটি র্যাকেট, একটি শাটলকক এবং খেলার উপযোগী সামান্য জায়গা থাকলেই শুরু করা যায়। তবে নিয়মিত খেলতে শুরু করলে বোঝা যায়, হাতে থাকা র্যাকেটটি খেলার পারফরম্যান্সে বেশ প্রভাব ফেলে। অতিরিক্ত ভারী র্যাকেট হলে শট নেওয়ার গতি কমে যেতে পারে। অস্বস্তিকর গ্রিপের কারণে নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে। আবার স্ট্রিংয়ের টেনশন ঠিক না থাকলে ভালোভাবে শট নেওয়ার পরও প্রত্যাশিত ফল পাওয়া যায় না।
তবে ভালো খেলার জন্য শুরুতেই পেশাদার মানের দামি র্যাকেট কেনার প্রয়োজন নেই। নতুন খেলোয়াড় কিংবা দীর্ঘ বিরতির পর আবার খেলায় ফিরতে চাওয়া ব্যক্তিরাও সীমিত বাজেটে উপযুক্ত র্যাকেট বেছে নিতে পারেন।
র্যাকেট কেনার আগে মূলত তিনটি বিষয় জানা জরুরি—ওজন, গ্রিপ এবং স্ট্রিং টেনশন।
ওজন
ব্যাডমিন্টন র্যাকেটের ওজন সাধারণত ‘ইউ’ রেটিং দিয়ে বোঝানো হয়। ইউ সংখ্যার মান যত বেশি, র্যাকেট তত হালকা। যেমন, ৪ইউ র্যাকেটের ওজন সাধারণত ৮০ থেকে ৮৪ গ্রাম এবং ৩ইউ র্যাকেটের ওজন প্রায় ৮৫ থেকে ৮৯ গ্রাম।
নতুন খেলোয়াড়দের জন্য হালকা র্যাকেট সাধারণত বেশি সুবিধাজনক। এতে দ্রুত ডিফেন্সিভ শট নেওয়া, কবজির নড়াচড়া এবং দীর্ঘ সময় খেলা তুলনামূলক সহজ হয়। তবে কিছু খেলোয়াড় শট নেওয়ার সময় দৃঢ় অনুভূতি পাওয়ার জন্য কিছুটা ভারী র্যাকেট পছন্দ করেন।
গ্রিপ
র্যাকেটের যে অংশে হাত রাখা হয়, সেটিই গ্রিপ। এর আকার ঠিক না হলে খেলার নিয়ন্ত্রণ ও স্বাচ্ছন্দ্য দুটিই ব্যাহত হতে পারে। গ্রিপ বেশি বড় হলে কবজি নাড়াতে অসুবিধা হয়। আবার খুব ছোট হলে শক্ত করে ধরতে হয়, যা হাতে অস্বস্তি তৈরি করতে পারে।
সাধারণত র্যাকেটের গ্রিপের আকার জি৪, জি৫ ও জি৬ দিয়ে বোঝানো হয়। তবে ব্র্যান্ডভেদে মাপের পার্থক্য থাকতে পারে। সাধারণভাবে সংখ্যার মান যত কম, গ্রিপ তত বড়।
স্ট্রিং টেনশন
র্যাকেটের ফ্রেমে স্ট্রিং কতটা টানটান করে লাগানো হয়েছে, সেটিই স্ট্রিং টেনশন। এটি পাউন্ডে (এলবিএস) পরিমাপ করা হয়।
সাধারণত ১৮ থেকে ২২ পাউন্ড টেনশনের র্যাকেট নতুন খেলোয়াড়দের জন্য উপযোগী। এতে শট লাগানোর কার্যকর জায়গা বা ‘সুইট স্পট’ তুলনামূলক বড় থাকে। ফলে নিখুঁত টাইমিং না থাকলেও শক্তিশালী শট নেওয়া সহজ হয়। অন্যদিকে বেশি টেনশনে স্ট্রিং শক্ত থাকে, যা অভিজ্ঞ খেলোয়াড়দের শটের নির্ভুলতা বাড়াতে সহায়তা করতে পারে।
তবে প্রস্তুতকারকের নির্ধারিত সর্বোচ্চ টেনশনের সীমা অতিক্রম করা উচিত নয়। এতে র্যাকেটের ফ্রেম ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও যেসব বিষয় খেয়াল রাখবেন
র্যাকেটের ফ্রেমের উপাদানও গুরুত্বপূর্ণ। অ্যালুমিনিয়ামের র্যাকেট সাধারণত সাশ্রয়ী ও টেকসই। গ্রাফাইট বা কার্বন ফাইবারের র্যাকেট তুলনামূলক হালকা হতে পারে।
এ ছাড়া হেড-হেভি র্যাকেট আক্রমণাত্মক শট ও স্ম্যাশের জন্য সুবিধাজনক। হেড-লাইট র্যাকেট দ্রুত নড়াচড়ায় সহায়তা করে। আর ইভেন-ব্যালান্সড র্যাকেট দুই ধরনের বৈশিষ্ট্যের মাঝামাঝি সুবিধা দেয়।
শ্যাফটের নমনীয়তা, র্যাকেটে আগে থেকেই স্ট্রিং লাগানো আছে কি না, সেটিও দেখে নেওয়া দরকার। নমনীয় শ্যাফট নতুনদের শক্তিশালী শট নিতে সহায়তা করতে পারে। শক্ত শ্যাফটের ক্ষেত্রে ভালো কৌশল ও টাইমিং প্রয়োজন হয়।
সূত্র: নিউজ ১৮

-6af463c5631ae.jpg)