Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে?

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে?

ছবি: সংগৃহীত

Advertisement

বাঙালির প্রতিদিনের খাবারে আলুর ব্যবহার বেশ পরিচিত। ভাতের সঙ্গে আলুভর্তা, মাছের ঝোলে আলু কিংবা বিকেলের নাশতায় আলুর চপ—নানা পদে এই সবজির উপস্থিতি রয়েছে। তবে ডায়াবেটিস শনাক্ত হওয়ার পর অনেকেই খাবারের তালিকা থেকে প্রথমেই আলু বাদ দেওয়ার কথা ভাবেন।

আলু খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যায় বলে প্রচলিত ধারণা রয়েছে। কিন্তু ডায়াবেটিস থাকলে কি সত্যিই আলু পুরোপুরি এড়িয়ে চলতে হবে?

পুষ্টিবিদ অমিতা গাদরের মতে, আলুতে জটিল কার্বোহাইড্রেট থাকলেও এর প্রধান উপাদান স্টার্চ। এই স্টার্চ দ্রুত হজম হয়ে শরীরে শোষিত হতে পারে, যার ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়। তাই ডায়াবেটিস রোগীদের আলু খাওয়ার ক্ষেত্রে পরিমাণ ও রান্নার পদ্ধতি সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন।

আলু খেলেই কি রক্তে শর্করা বেড়ে যায়?

আলুর স্টার্চ হজমের সময় ভেঙে গ্লুকোজে পরিণত হয়। ফলে আলু খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। আলু সেদ্ধ, ভাজা কিংবা অন্য কোনো পদ্ধতিতে রান্না করলেও এর কার্বোহাইড্রেটের প্রভাব পুরোপুরি দূর হয় না।

এ কারণে ডায়াবেটিস রোগীদের খাবারের তালিকায় আলুর পরিমাণ সীমিত রাখার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ অমিতা। অর্থাৎ, ডায়াবেটিস থাকলে আলু একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই, তবে ইচ্ছামতো খাওয়াও ঠিক হবে না।

ডায়াবেটিসে যেভাবে আলু খাওয়া ভালো

আলু কীভাবে রান্না করা হচ্ছে, সেটিও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। ফ্রেঞ্চ ফ্রাই, আলুর চপ কিংবা অতিরিক্ত তেলে ভাজা খাবারের পরিবর্তে সেদ্ধ, বেক করা বা অল্প তেলে রোস্ট করা আলু বেছে নেওয়া ভালো। এতে বাড়তি তেল ও অস্বাস্থ্যকর চর্বি গ্রহণের পরিমাণ কমানো সম্ভব।

তবে শুধু সেদ্ধ করে খেলেই আলু রক্তে শর্করার মাত্রায় কোনো প্রভাব ফেলবে না, এমনটা ভাবার সুযোগ নেই। কারণ রান্নার পদ্ধতি পরিবর্তন করলেও আলুর স্টার্চের প্রভাব পুরোপুরি চলে যায় না।

পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী, আলু খাওয়ার সময় এর সঙ্গে আঁশযুক্ত শাকসবজি ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখা উচিত। মাছ, ডিম কিংবা অন্য প্রোটিনের উৎসের সঙ্গে পরিমিত আলু খাওয়া যেতে পারে। খাবারে প্রোটিন ও আঁশ থাকলে কার্বোহাইড্রেট গ্রহণের পর রক্তে শর্করার পরিবর্তন সামাল দিতে সুবিধা হতে পারে। পাশাপাশি একবারে বেশি আলু না খেয়ে পরিমাণ নিয়ন্ত্রণে রাখাও জরুরি।

কোন ধরনের আলু তুলনামূলক ভালো?

সব জাতের আলুর পুষ্টিগুণ এবং গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) এক রকম নয়। পুষ্টিবিদ অমিতার মতে, মিষ্টি আলু এবং ক্যারিসমা ও নিকোলা জাতের আলু তুলনামূলক ভালো বিকল্প হতে পারে। এসব আলুর গ্লাইসেমিক ইনডেক্স তুলনামূলক কম। অন্যদিকে রাসেটের মতো কিছু সাদা আলুতে স্টার্চের পরিমাণ বেশি থাকে।

তাই ডায়াবেটিস রোগীদের আলু নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন। তবে কোনো একটি আলুর জাত সবার জন্য সমানভাবে উপযোগী হবে, এমন নয়।

ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে কী করবেন?

যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স রয়েছে, তাদেরও আলু খাওয়ার ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলা উচিত। এ ক্ষেত্রে অতিরিক্ত তেলে ভাজা আলুর পরিবর্তে সেদ্ধ, বেক বা রোস্ট করা আলু বেছে নেওয়া যেতে পারে। পাশাপাশি খাবারে প্রোটিন ও শাকসবজি রাখতে হবে এবং আলুর পরিমাণ সীমিত রাখতে হবে। আলুর স্বাদ বাড়াতে অতিরিক্ত তেল বা চর্বি ব্যবহারের পরিবর্তে বিভিন্ন মসলা ও ভেষজ উপাদান ব্যবহার করা যেতে পারে।

ডায়াবেটিস থাকলেই আলু পুরোপুরি বাদ দিতে হবে—এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। তবে কতটুকু আলু খাচ্ছেন, কীভাবে রান্না করছেন এবং অন্য খাবারের সঙ্গে কীভাবে গ্রহণ করছেন, সেদিকে নজর রাখা জরুরি। কারণ একই খাবারে সবার রক্তে শর্করার প্রতিক্রিয়া এক রকম হয় না। তাই নিজের গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী খাদ্যতালিকা তৈরি করাই সবচেয়ে ভালো।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

ডায়াবেটিস ঝুঁকিতে তরুণরা

ডায়াবেটিস ঝুঁকিতে তরুণরা

শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিস চিকিৎসার লক্ষ্য রাখতে হবে আরও যেসব বিষয়

শুধু রক্তে শর্করা নিয়ন্ত্রণ নয়, ডায়াবেটিস চিকিৎসার লক্ষ্য রাখতে হবে আরও যেসব বিষয়

যেসব নিয়ম মানলে আপনার ডায়াবেটিস কখনো হবে না

যেসব নিয়ম মানলে আপনার ডায়াবেটিস কখনো হবে না

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু

ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই: ডা. বাচ্চু

আরও পড়ুন

ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে?

ডায়াবেটিস থাকলেও কি আলু খাওয়া যাবে?

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

অশরীরী আত্মার ভর নয়, শিশুর স্বাভাবিক আচরণ যে রোগের লক্ষণ

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসে পচে যেতে পারে পায়ের আঙুল, ঝুঁকি এড়াতে মানতে হবে যেসব নিয়ম

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

ডায়াবেটিসের কারণে কিডনি বিকলের ঝুঁকি, বছরে যে ২ পরীক্ষা জরুরি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম