Logo
Logo
×
   

Advertisement

জাতীয়

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পিএম

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement

ককটেল বিস্ফোরণ-অগ্নিসংযোগসহ আওয়ামী লীগের কোনো অপতৎপরতায় সরকার ও জনগণ মোটেও শঙ্কিত নয় বলে জনিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

সালাহউদ্দিন আহমদ বলেন, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ। তথাকথিত ‘লকডাউন’ কর্মসূচি কেন্দ্র করে তারা অপতৎপরতা চালাচ্ছে। দেশবাসী ইতোমধ্যে এদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে। আইনশৃঙ্খলা বাহিনীও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে এসব অপতৎপরতায় জড়িতদের শনাক্ত করছে। আসামিদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে। তাদের এসব অপতৎপরতায় সরকার ও জনগণ মোটেও শঙ্কিত নয়। 

কুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়। ১২ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়। ইতোমধ্যে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে। অভিযুক্তরা কিশোর অপরাধ চক্রের সঙ্গে জড়িত। তাদের থেকে নিহত কিশোরের মোবাইল ফোনসহ যাবতীয় আলামত উদ্ধার করা হয়েছে। দ্রুততম সময়ে আইনি কার্যক্রম সম্পন্ন করে চার্জশিট দাখিল করা হবে। রামিসা হত্যাকাণ্ডের মতো এ ঘটনার বিচারও যেন সংক্ষিপ্ত সময়ে সম্পন্ন হয়-সেজন্য বিচার বিভাগকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। 

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) শিশু নিখোঁজসংক্রান্ত পরিসংখ্যান বিষয়ে তিনি বলেন, সরকার এটিকে গুরুত্ব দিয়েছে। তথ্য-উপাত্ত পরীক্ষা-নিরীক্ষা করছে। 

সামাজিক অবক্ষয়কে অপরাধের মূল কারণ হিসাবে উল্লে­খ করে তিনি বলেন, প্রায় সব ক্ষেত্রে দেখা যায় সাইবার স্পেসে সংঘটিত অপরাধগুলোর পেছনে মাদক, জুয়া বা পর্নোগ্রাফির মতো অনুষঙ্গ জড়িত। এ থেকে উত্তরণে এবং সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায় থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে। 

রাজধানীর তেজগাঁওয়ের ঘটনা সম্পর্কে সালাহউদ্দিন আহমদ বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়। তাদের মোবাইল ফোন ফরেনসিক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নিরাপরাধ ১১ জনকে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বাকিরা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ডে আনা হয়েছে। 

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের প্রশ্নে তিনি বলেন, বিগত আমলের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট তৈরি হলেও বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে মনোযোগ দিয়েছে। দেশের শিল্প খাতে গ্যাসের ধারাবাহিক সরবরাহ বজায় রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসক‚প খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। 

এরই অংশ হিসাবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে ইতোমধ্যে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। নিজস্ব প্রাকৃতিক সম্পদের ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুতই গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান মিলবে। 

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে যে কোনো রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। বিরোধী দলের লংমার্চগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের সার্বিক সহযোগিতা করছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম