এক সপ্তাহের মধ্যেই গার্মেন্টস শিল্পের মজুরি বোর্ডের গেজেট: শ্রমমন্ত্রী
Advertisement
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
তৈরি পোশাকশিল্পে উদ্ভূত শ্রম অসন্তোষ নিরসন ও শান্ত পরিবেশ ফিরিয়ে আনতে আগামী এক সপ্তাহের (৭ দিন) মধ্যে মজুরি বোর্ডের গেজেট প্রকাশের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বুধবার বিকাল ৩টায় গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত ‘সার্বিক শ্রম পরিস্থিতি ও নিরাপদ অভিবাসন’ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সিদ্ধান্ত জানান।
মন্ত্রী বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল মজুরি বোর্ড নিয়ে ভুল তথ্য ছড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। শ্রমিক নন অথচ শ্রমিক সংগঠনের নেতা সেজে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে। এ ব্যাপারে মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা সবাই সজাগ রয়েছেন।’
সরকারের স্পষ্ট বার্তা তুলে ধরে তিনি জানান, ইতোমধ্যে মালিক ও শ্রমিক উভয়পক্ষ থেকে প্রতিনিধির তালিকা পাওয়া গেছে এবং আগামী ৭ দিনের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করে গেজেট জারি করা হবে।
সভায় মন্ত্রী কারখানা মালিকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে জানান, প্রতি মাসের ৭ তারিখের মধ্যে শ্রমিকদের বকেয়া ও নিয়মিত মজুরি পরিশোধ করতে হবে।
তিনি বলেন, শিল্পাঞ্চলের সার্বিক সমস্যা সমাধান ও আইনশৃঙ্খলা রক্ষায় একটি বিশেষ সমন্বিত মনিটরিং সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসন, পুলিশ, স্থানীয় সংসদ সদস্য, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (গাজীপুর), বিজিএমইএ, বিকেএমইএ, মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই সেলে যেকোনো সমস্যা জানানো হলে জেলা প্রশাসক আলোচনার মাধ্যমে তা দ্রুত সমাধান করবেন বলে তিনি জানান। অযথা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি না করে এই সেলে তথ্য পাঠিয়ে সমস্যা নিরসনের জন্য সবাইকে আহ্বান জানান মন্ত্রী।
গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে এবং শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদারের সঞ্চালনায় সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইনসহ মালিক-শ্রমিক প্রতিনিধি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
