Logo
Logo
×

Advertisement

জাতীয়

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

ফাইল ছবি

Advertisement

দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ শিক্ষার্থীর জন্য ৫ হাজার ৪৫২ কোটি টাকার স্কুল ফিডিং কর্মসূচি চলছে। সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার সরবরাহে জনপ্রতি ব্যয় হচ্ছে ১৮৯ টাকা ৬০ পয়সা, দৈনিক গড়ে ৩৭ টাকা ৯২ পয়সা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বৃহস্পতিবার (২৬ নভেবর) জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রে এ তথ্য তুলে ধরা হয়েছে। কার্যপত্র সূত্রে এসব তথ্য জানা গেছে। 

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে চলমান স্কুল ফিডিং কর্মসূচির তথ্যও কার্যপত্রে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষার্থীদের দৈনিক পুষ্টির চাহিদা, বয়স, স্থানীয় প্রাপ্যতা ও নিরাপদ সংরক্ষণের সুবিধা বিবেচনা করে খাদ্যতালিকা তৈরি করা হয়েছে। সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীদের খাবার দেওয়া হচ্ছে। এতে রোববার ফর্টিফায়েড বিস্কুট এবং সোমবার কলা, ইউএইচটি দুধ, বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হয়। মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার বনরুটি ও সিদ্ধ ডিম দেওয়া হয়।

কর্মসূচিতে পাঁচ দিনে একজন শিক্ষার্থীর পেছনে মোট ব্যয় ১৮৯ টাকা ৬০ পয়সা। প্রতিদিন শিক্ষার্থীপ্রতি গড় ব্যয় ৩৭ টাকা ৯২ পয়সা। এ প্রকল্পে মোট বরাদ্দ ৫ হাজার ৪৫২ কোটি টাকা। ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটির মেয়াদ। ৬২ জেলার ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি স্কুলের ৩১ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় রয়েছে। 

কার্যপত্রে বলা হয়েছে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬৫ হাজার ল্যাপটপ বিতরণ করা হয়। এর মধ্যে ৬৪ হাজার ৪০২টি সচল এবং ৫৯৮টি অচল রয়েছে। তবে বিতরণ করা ল্যাপটপ ও অন্যান্য যন্ত্রপাতি তদারকির জন্য এখনো কোনো ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যদিও যন্ত্রপাতি ক্রয় ও বিতরণ ব্যবস্থাপনার জন্য ইন্টিগ্রেটেড প্রাইমারি এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে (আইপিইএমআইএস) একটি মডিউল চালু রয়েছে।

এদিকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মাধ্যমে আগামী পাঁচ বছরে ঝরে পড়া ও শিক্ষার বাইরে থাকা জনগোষ্ঠীর ৫০ লাখ মানুষকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন বয়সী শিশু, কিশোর-কিশোরী ও প্রাপ্তবয়স্কদের জন্য পৃথক কর্মসূচি নেওয়া হয়েছে।

এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে সহকারী শিক্ষকদের পদোন্নতির জন্য গ্রেডেশন তালিকা প্রস্তুতের কাজ চলছে। সরাসরি নিয়োগের কোটায় প্রধান শিক্ষক নিয়োগের জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) রিকুইজিশন পাঠানো হয়েছে। কার্যপত্রে বলা হয়েছে, সব শিশুর বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে জাতীয় পর্যায়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন।

কার্যপত্রে পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) সারসংক্ষেপও তুলে ধরা হয়েছে। পিইডিপি-৫-এর আওতায় সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় করে শিক্ষকদের জন্য ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ইউনিফর্ম, ব্যাগ, জুতা ও মোজা প্রদান, বিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই, মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ স্থাপন এবং ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, প্রাক্-প্রাথমিক শিক্ষার সম্প্রসারণ, আনন্দময় ও দক্ষতাভিত্তিক শিক্ষা এবং শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুরা যাতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালুর ক্ষেত্রে কোনো অঞ্চলের সব স্কুলকে কর্মসূচির আওতায় আনা, নৈতিক শিক্ষা বাস্তবায়নে প্রত্যেক বিদ্যালয়ে ধর্মভিত্তিক শিক্ষক পদায়ন এবং দেশে সুনির্দিষ্ট ও কার্যকর জাতীয় শিক্ষানীতি (ন্যাশনাল এডুকেশন পলিসি) নির্ধারণের সুপারিশ করা হয়েছে। 

কমিটি টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, যোগ্য শিক্ষক নিয়োগ বৃদ্ধি এবং শিক্ষা পদ্ধতি ও পাঠ্যক্রম যুগোপযোগী করার পরামর্শ দিয়েছে। শ্রেণিকক্ষে এমনভাবে পাঠদান নিশ্চিত করার কথা বলেছে, যাতে শিক্ষার্থীদের বাইরে প্রাইভেট বা কোচিংয়ে পড়তে না হয়।

এ ছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ, পদায়ন, বদলি ও পদোন্নতির প্রক্রিয়া সহজ ও দ্রুত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরগুলোর বিভিন্ন খাতে বরাদ্দ করা বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতি তিন মাস অন্তর কমিটির কাছে উপস্থাপনেরও সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মাহমুদা হাবিবার সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সাদিক রিয়াজ, ইলিয়াস মোল্লা, মোক্তার আলী এবং মাহফুজা হান্নান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্কুলে আসেন না শিক্ষক-শিক্ষার্থী, নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়

স্কুলে আসেন না শিক্ষক-শিক্ষার্থী, নিচতলা গরু-ছাগলের খোঁয়াড়

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী নিয়োগ দেবে সরকার

ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

আনন্দময় শিক্ষায় নতুন দিগন্ত: প্রাথমিক স্তরে আসছে শিক্ষামূলক খেলা

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা বাড়াতে হবে

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

বাংলাদেশি কর্মীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

প্রাথমিকে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীপ্রতি দৈনিক ব্যয় ৩৮ টাকা

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

‘শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না’

পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও তার স্ত্রীর ২১টি সম্পত্তি জব্দের আদেশ

পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও তার স্ত্রীর ২১টি সম্পত্তি জব্দের আদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম