Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:০২ পিএম

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

ঢাকার রাজপথে বিএনপি নেতারা। ফাইল ছবি

Advertisement

রাজধানী ঢাকায় যেকোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা প্রতিহত করতে সতর্কতামূলক অবস্থান নিয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা। দলীয় সূত্র ও মাঠপর্যায়ের নেতাদের দাবি অনুযায়ী, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কোনো দুষ্কৃতকারী চক্র যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে লক্ষ্যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও পাড়া-মহল্লায় তারা এই পাহারা বসিয়েছেন।

সূত্র বলছে, কয়েকদিনের মাঠপর্যায় পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা সাংগঠনিক ও রাজনৈতিকভাবে প্রতিহতের সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল বিএনপি। এই ইস্যুতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন দলটির দায়িত্বশীল নেতারা। নাশকতা মোকাবিলায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। তবে নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে বলা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা সফল হতে দেওয়া হবে না। নেতাকর্মীরা সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে রাজপথে রয়েছেন। 

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মতিঝিল, পল্টন, উত্তরা, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। বিশেষ করে শনিবার রাতের বেলায় গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় এবং সরকারি-বেসরকারি স্থাপনার আশপাশে তাদের টহল ও সতর্ক নজরদারি চোখে পড়ে।

রোববার ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশপাশে ছাত্রদলের নেতাদের সরব উপস্থিতি দেখা গেছে। 

সদরঘাট ও পুরান ঢাকায় স্থানীয় বিএনপির পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার সতর্ক অবস্থানে রয়েছেন। 

এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা জানান, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তারা এই কার্যক্রম পরিচালনা করছেন। এক স্থানীয় নেতা বলেন, একটি স্বার্থান্বেষী মহল দেশে অরাজকতা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা করা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা আমাদের নৈতিক দায়িত্ব। কোনো ধরনের চাঁদাবাজি, লুটপাট বা নাশকতা যেন না ঘটে, সেজন্য আমাদের নেতাকর্মীরা সজাগ রয়েছেন।

বিএনপি নেতাদের পক্ষ থেকে আরও জানানো হয়, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার নির্দেশনা দেওয়া আছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে বরং প্রশাসনকে সহযোগিতা করার মাধ্যমেই পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে বলে তারা জানান।

দেশব্যাপী সতর্ক বিএনপি

বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো ইতোমধ্যে বিভিন্ন এলাকায় বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও মিছিল করছে। ২৯ ও ৩০ নভেম্বর দুদিন দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। বিএনপির নীতিনির্ধারকরা বলছেন, রাজধানীর পাড়া-মহল্লা থেকে শুরু করে জেলা, উপজেলা ও থানা পর্যায়ে নেতাকর্মীরা মাঠে সক্রিয় আছেন। নাশকতা ও সহিংসতার প্রতিবাদে পর্যায়ক্রমে মিছিল ও সমাবেশ করা হবে। নির্বাচিত সংসদ-সদস্যদের পাশাপাশি গত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন। কেন্দ্রীয়ভাবে ১ ডিসেম্বর ঢাকায় বড় সমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি। 

৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দিবস ও রাজনৈতিক ইস্যুতে সমাবেশ, মিছিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। দলীয় অঙ্গসংগঠনগুলোকে পৃথক কর্মসূচির মাধ্যমে মাঠে রাখার পরিকল্পনা রয়েছে। বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ বলেন, আওয়ামী নৈরাজ্য মোকাবিলায় কয়েকদিন ধরে আমরা মাঠেই রয়েছি। দিনে-রাতে সব সময় রাজধানীর বিভিন্ন পয়েন্টে আমরা থাকব। কোথাও সন্দেহজনক কিছু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হবে। 

বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল যুগান্তরকে বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় ইতোমধ্যে আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সংসদ-সদস্যসহ মহানগর ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট নেতারা মাঠে থাকবেন। তারা সর্বাত্মকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। বিএনপির নেতাকর্মীরা কোনো সংঘর্ষে যেতে চান না। তিনি বলেন, জনজীবনে অশান্তি সৃষ্টিকারী ফ্যাসিস্ট আওয়ামী শক্তি যাতে দুর্বল হয়ে যায়-এমনটাই আমাদের প্রত্যাশা। ইতোমধ্যে আগের চেয়ে তারা অনেক দুর্বল হয়েছে। এজন্য যে কৌশল প্রয়োগ করা দরকার, আমাদের নেতাকর্মীরা তা করবে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

মশাল মিছিল নিয়ে পুলিশের সামনে আ.লীগের নেতারা, অতঃপর...

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

আ.লীগের ৪৮ ঘণ্টার অবরোধে অচল টুঙ্গিপাড়া

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

মধ্যরাতে নোয়াখালীতে সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

‘সংখ্যালঘু কার্ড’ খেলতে নতুন ছক নিষিদ্ধ আ.লীগের

আরও পড়ুন

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: রিজভী

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

নেতাকর্মীদের জরুরি নির্দেশনা জামায়াতের

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

নাশকতা প্রতিহতে ঢাকাজুড়ে পাহারায় বিএনপির নেতাকর্মীরা

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

বেনাপোল সীমান্ত দিয়ে ফেরার ছক কষছেন হাসিনা?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম