‘মমতাজ আ.লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে’
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পিএম
ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী।
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, ‘মমতাজ আওয়ামী লীগেও একটা ছিল, এখন জামায়াতেও একটা আসছে।’
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক কর্মকাণ্ড ও পশ্চিমাদের সমর্থন পাওয়ার চেষ্টা নিয়ে সমালোচনা করে শুক্রবার (২ অক্টোবর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাদানী দাবি করেন, আওয়ামী লীগের মমতাজ প্রকাশ্য ছিলেন এবং তার কর্মকাণ্ডও ছিল সরাসরি। অন্যদিকে জামায়াতের ক্ষেত্রে হিজাব পরে ইসলামের নামে ধোঁকা দিয়ে ইসলামের ক্ষতি করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
মাদানী লেখেন, ‘ওই মমতাজও সংসদে সবজান্তা মাতব্বরের মতো সিয়াসিত্তার হাদিস কউত, এটাও সবজান্তা হাদিস বলে! ভাবসাবও সেইম।’
জামায়াতের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘কেন জানি মনে হচ্ছে, জামায়াত পশ্চিমাদের থেকে ক্ষমতা পাওয়ার আশায় এদেশের ইসলামপন্থীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চ্যালেঞ্জ করে বসছে। আমরা ইসলামের নামে যা তা করব, পারলে কী করবা কর?’
মাদানীর ভাষ্য, আওয়ামী লীগের ‘চ্যাপ্টার ক্লোজ’ এবং বিএনপি ক্ষমতায় থাকায় আগামী মেয়াদে ভোটের মাঠকে তিনি জামায়াতের জন্য সমস্যা হিসেবে দেখছেন না।
তার মতে, সমস্যা পশ্চিমা বিশ্ব। পশ্চিমারা জামায়াতকে ইসলামপন্থী মনে করলে ক্ষমতায় আসতে দেবে না—এমন ধারণা থেকেই দলটি পশ্চিমাদের কাছে নিজেদের অবস্থান প্রমাণের চেষ্টা করছে বলে তিনি দাবি করেন।
তিনি লেখেন, ‘অতএব, পশ্চিমের কাছে নিজেদের (জামায়াতকে) প্রমাণ করতে হবে, আওয়ামী লীগ-বিএনপির চেয়েও আল্ট্রা ফ্রো-মেক্স স্টাইলে আরও আপডেট পুরোপুরি সেকুলার আমরাও!’
জামায়াতের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সমালোচনা করে মাদানী বলেন, আগে কেউ যা করেনি, সেগুলোও তারা করছে এবং এর মাধ্যমে পশ্চিমাদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার চেষ্টা করছে। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের বাস্কেটবল আয়োজন এবং জামায়াতের এক নারী এমপির হাতে পুরস্কার দেওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।
মাদানী আরও লেখেন, ‘জামায়াত-শিবিরকে বলি, ভাইরে, আমার কষ্টের জীবনে আপনারা সহযোগিতা করছেন, খোঁজখবর নিছেন। তাই আপনাদের প্রতি একটা ইমোশন-সিমপ্যাথি কাজ করে। আপনাদের দলীয় অবস্থান নিয়ে অন্যদের মতো আমি বিরোধিতা করি না। সমালোচনার জন্য সমালোচনাও করি না।’
তবে পশ্চিমাদের খুশি করার জন্য জামায়াত যদি এভাবে ইসলামপন্থীদের চ্যালেঞ্জ করে, তাহলে তিনি শুধু ইস্যুভিত্তিক বিরোধিতা করবেন না বলেও হুঁশিয়ারি দেন।
পোস্টের শেষাংশে মাদানী লেখেন, ‘আমাকে মেরে ফেলা না হলে, আমি একা বিরোধিতায় লাগলে লোড নিতে পারবেন না, পাগল হয়ে যাবেন! প্লিজ, আল্লাহর ওয়াস্তে, আল্লামা সাঈদী রহ.-এর শাহাদাতে রঞ্জিত দলটাকে আর নিচে নামায়েন না! আপাতত এতটুকু চাওয়া।’
