Logo
Logo
×
   

Advertisement

খেলা

আর্সেনাল সমর্থকদের সুখবর দিলেন কোচ

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

আর্সেনাল সমর্থকদের সুখবর দিলেন কোচ

Advertisement

প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আর্সেনালের জন্য এসেছে স্বস্তির খবর। রক্ষণভাগে একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বেন হোয়াইটের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন কোচ মিকেল আর্তেতা। পাশাপাশি চোট কাটিয়ে জুরিয়েন টিম্বার ও ক্রিসথিয়ান মোসকেরারও দলে ফেরার সম্ভাবনা রয়েছে।

গত মৌসুমের শেষ দিকে হাঁটুর লিগামেন্টে চোট পেয়ে বিশ্বকাপের আশা হারিয়েছিলেন হোয়াইট। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিপক্ষে আর্সেনালের ১-০ গোলের জয়ের শেষদিকে অবশ্য তাকে কিছুটা অস্বস্তিতে দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় মিডফিল্ডার মার্তিন জুবিমেন্ডিকে। ম্যাচের শেষ মুহূর্তে রাইট-ব্যাকের দায়িত্ব সামলাতে হয় ডেকলান রাইসকে।

তবে হোয়াইটের সেই অস্বস্তি গুরুতর কিছু নয় বলেই মনে হচ্ছে। দ্রুত সুস্থ হয়ে ওঠায় শনিবার রাতে স্টেডিয়াম অব লাইটে সান্ডারল্যান্ডের বিপক্ষে তাকে মাঠে পাওয়ার আশা করছে আর্সেনাল।

টিম্বারকে নিয়েও আশাবাদী গানাররা। মার্চে এভারটনের বিপক্ষে জয়ের ম্যাচে কুঁচকিতে চোট পাওয়ার পর নেদারল্যান্ডসের এই ডিফেন্ডার মাত্র একবার মাঠে নেমেছিলেন। মে মাসে পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে বদলি হিসেবে খেলতে নেমে অবশ্য নিজের সামর্থ্যের ঝলক দেখিয়েছিলেন তিনি।

এরপর গ্রীষ্মকালেও নতুন করে চোটে পড়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয় টিম্বারকে। সেই চোটের কারণে নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপেও অংশ নিতে পারেননি তিনি। তবে সম্প্রতি দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এই ডিফেন্ডার। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের স্কোয়াডেও ছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত মাঠে নামার সুযোগ পাননি।

সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে টিম্বারের ফিটনেস নিয়ে আর্তেতা বলেন, ‘দেখা যাক। শুক্রবার আমাদের আরও একটি অনুশীলন সেশন আছে। কয়েক দিন ধরে সে দলের সঙ্গে অনুশীলন করছে। খুব ভালো করছে এবং তাকে ভালো অবস্থায়ই মনে হচ্ছে।’

অর্থাৎ টিম্বারকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও একটি অনুশীলন সেশন পর্যবেক্ষণ করবেন আর্সেনাল কোচ। হোয়াইটের নিশ্চিত প্রত্যাবর্তনের সঙ্গে টিম্বার ও মোসকেরার ফেরার সম্ভাবনা রক্ষণভাগে আর্সেনালের বিকল্প বাড়াতে পারে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম