তালেবানের নতুন নিষেধাজ্ঞা, এবার রেডিওতে ক্রিকেটও বন্ধ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ এএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আফগানিস্তানে ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক ক্রিকেটেও নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে দেশটির পুরুষ দল। অথচ এবার ক্রিকেট নিয়ে সংবাদ প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান সরকার। দেশটির দক্ষিণাঞ্চলীয় কান্দাহারের রেডিও স্টেশনগুলোকে ক্রিকেটসংক্রান্ত কোনো খবর প্রচার না করার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। কান্দাহারের দুটি রেডিও স্টেশনের কর্মকর্তা এবং প্রাদেশিক প্রশাসনের একটি সূত্র নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে।
শনিবার প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে রেডিও স্টেশনগুলোকে এই নির্দেশ দেওয়া হয়। এরপর থেকে ক্রিকেট নিয়ে কোনো অনুষ্ঠান প্রচার করতে পারবে না স্টেশনগুলো। এমনকি ম্যাচের ধারাভাষ্য, সংবাদ কিংবা দলের জয়ের খবরও প্রচার করা যাবে না।
নাম প্রকাশ না করার শর্তে তথ্য ও সংস্কৃতি বিভাগের এক কর্মকর্তা এএফপিকে বলেন, ‘ক্রিকেটসংক্রান্ত সংবাদ প্রচার নিষিদ্ধ করা হয়েছে। ধারাভাষ্য, সংবাদ প্রচার, এমনকি কোনো দল জিতলে সেই ফলাফল নিয়েও প্রতিবেদন করা যাবে না।’
কান্দাহারের একটি স্থানীয় রেডিও স্টেশনের প্রধানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে ফোন পেয়েছি। আমাদের জানানো হয়েছে, এখন থেকে রেডিওতে ক্রিকেট নিয়ে কোনো খবর প্রচার করা যাবে না।’
অন্য একটি রেডিও স্টেশনের ব্যবস্থাপকও একই নির্দেশ পাওয়ার কথা জানিয়েছেন। তাঁর ভাষায়, ‘কর্তৃপক্ষ ফোন করে জানিয়েছে, আপাতত ক্রিকেটের সঙ্গে সম্পর্কিত সবকিছুই নিষিদ্ধ।’ নিরাপত্তার কারণে দুই সম্প্রচারকই নিজেদের নাম প্রকাশ করতে চাননি।
তালেবান সরকারের সর্বোচ্চ নেতার বাসস্থান কান্দাহার। সেখানে ক্রিকেটসংক্রান্ত সংবাদ প্রচারে নিষেধাজ্ঞার বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে মন্তব্য চেয়েছিল এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
আফগানিস্তানে ক্রিকেটের প্রতি তালেবান সরকারের অবস্থান নিয়ে এই সিদ্ধান্ত নতুন প্রশ্ন তৈরি করেছে। ক্ষমতায় ফেরার পর ক্রিকেটের প্রতি সমর্থন দেখিয়েছে সরকার। এমনকি ক্ষমতা ফিরে পাওয়ার বর্ষপূর্তি উপলক্ষে গত আগস্টে ক্রিকেট ম্যাচের আয়োজনও করা হয়েছিল।
তবে দেশটিতে খেলাধুলার ওপর তালেবানের কিছু কঠোর বিধিনিষেধ রয়েছে। মিক্সড মার্শাল আর্ট নিষিদ্ধ করেছে তারা। পুরুষ ও ছেলেদের ক্রিকেট খেলার অনুমতি থাকলেও নারী ও মেয়েদের খেলাধুলা এবং জিমে যাওয়া নিষিদ্ধ। জনজীবনে নারীদের অংশগ্রহণ সীমিত করার অংশ হিসেবেই এসব নিয়ম চালু করা হয়েছে।
এদিকে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলছে।
