দক্ষিণ আফ্রিকা সিরিজে ইংল্যান্ড দলে নতুন চমক
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
বেন ম্যাককিনি। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক ডারহামের ২২ বছর বয়সি ওপেনার বেন ম্যাককিনি। প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার।
হাঁটুর চোটের কারণে জ্যাকব বেথেল ছিটকে যাওয়ায় তার পরিবর্তে ম্যাককিনিকে অন্তর্ভুক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। টপ-অর্ডারের বিকল্প হিসেবে অভিজ্ঞ অলি পোপকে পেছনে ফেলেই দলে জায়গা করে নিয়েছেন তরুণ এই ক্রিকেটার।
গত জুলাই থেকে হাঁটুর সমস্যায় ভুগছেন বেথেল। কার্টিলেজের জটিলতায় এর আগে একবার অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। তবে চলতি মাসে অস্ট্রেলিয়ায় অনুশীলনের সময় আবারও ব্যথা ও ফোলাভাব দেখা দিলে দ্বিতীয়বার অস্ত্রোপচার করাতে হয় এই অলরাউন্ডারকে। পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আগামী বছরের আইপিএল থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার ইনস্টাগ্রামে এক পোস্টে আইপিএলে খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করেন বেথেল। হাঁটুর সমস্যা কাটিয়ে মাঠে ফেরার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি। তার এই চোটের কারণে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ এবং মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ফুটবল ছেড়ে ক্রিকেটে, এবার জাতীয় দলে ম্যাককিনি
বেথেলের জায়গায় সুযোগ পাওয়া ৬ ফুট ৭ ইঞ্চি উচ্চতার ম্যাককিনির ক্রিকেটে আসার গল্পটাও বেশ ব্যতিক্রমী। কৈশোরে সান্ডারল্যান্ড ফুটবল ক্লাবের একাডেমিতে মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি। তবে ১৬ বছর বয়সে ফুটবল ছেড়ে ক্রিকেটকে পেশা হিসেবে বেছে নেন।
২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া ম্যাককিনি সম্প্রতি কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। দ্বিতীয় বিভাগে তিনটি সেঞ্চুরিসহ ৫২.২০ গড়ে ১ হাজার ৪৪ রান করেন তিনি। তার ব্যাটিং নৈপুণ্যে শিরোপা জেতে ডারহাম এবং দলের সর্বোচ্চ রানসংগ্রাহকও হন এই তরুণ ওপেনার।
জাতীয় দলে ডাক পাওয়ার আগে ইংল্যান্ড লায়ন্সের হয়েও নজর কেড়েছেন ম্যাককিনি। সেন্ট কিটসে এক দিনের ম্যাচে মাত্র ৬৫ বলে ১৪৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। ইনিংসটি সাজিয়েছিলেন ১৫টি চার ও ১০টি ছক্কায়। এমন ধারাবাহিক পারফরম্যান্সই নির্বাচকদের নজরে এনেছে তাকে।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জয় পাওয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও মূল ব্যাটিং কাঠামো ধরে রাখতে চায়। সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে থাকবেন এমিলিও গে ও বেন ডাকেট। তিন, চার ও পাঁচ নম্বরে ব্যাট করবেন জর্ডান কক্স, জো রুট ও হ্যারি ব্রুক। ছয় নম্বরে স্পিন বোলিংয়ের বিকল্প হিসেবে থাকছেন ড্যান লরেন্স। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে সাত নম্বরে খেলবেন জেমি স্মিথ।
অন্যদিকে কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেও এবার মূল দলে জায়গা হয়নি অলি পোপের। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ স্কোয়াডে থাকা এই ব্যাটার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলবেন। দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে সিরিজ খেলতে আগামী সপ্তাহে লায়ন্স দলের সঙ্গে দেশটিতে যাওয়ার কথা রয়েছে তার।
দক্ষিণ আফ্রিকা সফরের সূচি
আগামী সপ্তাহে পিটারমারিৎসবার্গে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে ইংল্যান্ড দলের প্রথম বহর দক্ষিণ আফ্রিকায় পৌঁছাবে। এরপর ৯ থেকে ১১ ডিসেম্বর ডারবানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।
তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর জোহানেসবার্গে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ থেকে ৩০ ডিসেম্বর সেঞ্চুরিয়নে এবং ৩ থেকে ৭ জানুয়ারি কেপটাউনে।
দক্ষিণ আফ্রিকা সফরে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াড
জো রুট (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, হ্যারি ব্রুক, স্যাম কুক, জর্দান কক্স, বেন ডাকেট, এমিলিও গে, ড্যান লরেন্স, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, অলি রবিনসন, জেমি স্মিথ এবং জশ টাং।

