ম্যানসিটির প্রতি ভালোবাসা অটুট, ‘অনুভূতি কখনো বদলাবে না’—ডি ব্রুইনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের অভিযোগ ও সম্ভাব্য শাস্তি নিয়ে যখন ফুটবল বিশ্বে আলোচনা চলছে, তখন সাবেক ক্লাবের পাশে আবেগঘন বার্তা নিয়ে দাঁড়ালেন কেভিন ডি ব্রুইনা। আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে সিটির শিরোপা হারানো কিংবা জরিমানার আশঙ্কা থাকলেও ক্লাবটির প্রতি নিজের ভালোবাসায় কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন বেলজিয়ান এই তারকা।
দীর্ঘ ১০ বছর ম্যানচেস্টার সিটিতে কাটিয়েছেন ডি ব্রুইনা। এই সময়ে ক্লাবটির হয়ে জিতেছেন ১৬টি শিরোপা, যার মধ্যে রয়েছে ২০২২-২৩ মৌসুমের ঐতিহাসিক ট্রেবল। ২০২৫ সালে ফ্রি ট্রান্সফারে ইতালিয়ান ক্লাব নাপোলিতে যোগ দেন তিনি। এবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সাবেক ক্লাবের মুখোমুখি হওয়ার আগে ইতিহাদ স্টেডিয়ামে ফেরার অপেক্ষায় রয়েছেন এই মিডফিল্ডার।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিটির প্রতি নিজের আবেগের কথা তুলে ধরেন ডি ব্রুইনা। তিনি বলেন, ফুটবলার হিসেবে নিজের অর্জন নিয়ে গর্বিত তিনি। ম্যানচেস্টার সিটি তার কাছে শুধুই একটি ক্লাব নয়, বরং বিশেষ আবেগের জায়গা। ক্লাবটির মালিকপক্ষের প্রতিও রয়েছে তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
সিটির হয়ে কাটানো সময়ের স্মৃতিচারণ করে ডি ব্রুইনা জানান, দীর্ঘ এক দশক ধরে ক্লাবটি যেভাবে তাকে ও তার পরিবারকে আগলে রেখেছে, তা তিনি কখনো ভুলবেন না। তার ভাষায়, ম্যানসিটির প্রতি ভালোবাসা সব সময় একই রকম থাকবে। ফুটবলের নিয়মকানুন থাকলেও মাঠে তিনি নিজের দায়িত্ব পালন করেছেন এবং সতীর্থদের সঙ্গে অসংখ্য স্মরণীয় অভিজ্ঞতা অর্জন করেছেন। এসব স্মৃতিই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
নিজের পারফরম্যান্স ও দায়বদ্ধতা নিয়েও সন্তুষ্ট ডি ব্রুইনা। সিটির হয়ে খেলার সময় নিজের সর্বোচ্চটা দিয়েছেন বলে মনে করেন তিনি। তাই ক্লাবের বিরুদ্ধে ওঠা অভিযোগ কিংবা চলমান বিতর্কের কারণে একজন খেলোয়াড় হিসেবে তার অবদান নিয়ে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যাবে বলে মনে করেন না।
ম্যানচেস্টার সিটির আর্থিক অনিয়মের অভিযোগ নিয়ে বিভিন্ন মহলে অস্বস্তি থাকলেও বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বেলজিয়ান তারকা। তার মতে, প্রত্যেকেরই নিজস্ব মতামত থাকতে পারে। কেউ কেউ পরিস্থিতির কারণে বিব্রত বোধ করলেও সেটি পরিবর্তন করার ক্ষমতা তার হাতে নেই।
এদিকে সাবেক অধিনায়ককে প্রতিপক্ষের জার্সিতে দেখতে হলেও ইতিহাদ স্টেডিয়ামের দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পাওয়ার অপেক্ষায় রয়েছেন ডি ব্রুইনা। সিটির হয়ে চার শতাধিক ম্যাচ খেলে ১০৮টি গোল করেছেন তিনি। ২০২৫ সালের মে মাসে ক্লাবের হয়ে শেষ হোম ম্যাচ খেলার পর তার অবদানকে স্মরণীয় করে রাখতে ইতিহাদ স্টেডিয়ামের বাইরে একটি ভাস্কর্য নির্মাণের ঘোষণাও দিয়েছিল ক্লাবটি।
সিটির হয়ে আর মাঠে না নামলেও ক্লাবটির ইতিহাসে ডি ব্রুইনার অবদান অস্বীকার করার সুযোগ নেই। আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে বিতর্ক চললেও সাবেক ক্লাবের প্রতি তার আবেগ যে আগের মতোই অটুট, সেটিই আবারও স্পষ্ট করলেন বেলজিয়ান তারকা।

